ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনায় জারি করা রুলের শুনানি কবে শুরু কবে- বুধবার তা জানাবে হাই কোর্ট।
ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ মঙ্গলবার বিষয়টি শুনানির জন্য উপস্থাপন করলে বিচারপতি আব্দুল আউয়াল ও মো. আশরাফুল কামালের বেঞ্চ এই দিন ঠিক করে দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার মো. রাশেদ জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার বেঞ্চ শুনানি শুরুর জন্য তারিখ দেবেন।”
বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই আটক করে রেখেছে- স্ত্রীর এমন অভিযোগে গত ১৯ এপ্রিল একটি রুল জারি করে বিচারপতি ফরিদ আহাম্মদ ও শেখ হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ। এই বিএনপি নেতাকে আদালতে হাজির করার নির্দেশ কেন দেওয়া হবে না- সরকারকে তা জানাতে বলা হয় ওই রুলে।
স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে থানার ওসি পর্যন্ত ১০ জনকে ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলে আদালত।
গত ১৭ এপ্রির মধ্যরাত থেকে নিখোঁজ ইলিয়াস আলীকে সরকার ‘গুম’ করেছে বলে বিএনপির অভিযোগ। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনী এতে জড়িত নয়।
বিডিনিউজ টেয়েণ্টিফোর ডটকম/এসএন/জেকে/১৫১৫ ঘ.
bdnews24