২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতায় থেকে নির্বাচন হবে না: খালেদা

খালেদা জিয়া বলেছেন, বিএনপির দাবি মেনে আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2012, 05:27 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়া বলেছেন, বিএনপির দাবি মেনে আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই করতে হবে। আন্দোলনে ‘ভয়’ পেয়েই বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে সরকার মামলা দিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রোববার বৌদ্ধ ধর্মীয় একটি প্রতিনিধি দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে চলমান রাজনীতি নিয়ে কথা বলেন বিরোধীদলীয় নেতা। খালেদা বলেন, “যত ষড়যন্ত্র করুক না কেন, ২০১৩ সালের মধ্যে সরকারকে নির্বাচন দিতেই হবে। সেই নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন হবে না। সব দলের জন্য সমান সুযোগ সৃষ্টি করেই আগামী নির্বাচন হবে।” বর্তমান সরকার সংবিধান সংশোধন করায় বিলোপ হয়েছে নির্বাচনকালীন অন্তর্র্বতী সরকার ব্যবস্থা। ফলে আগামী নির্বাচন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের অধীনে হবে, যার বিরোধিতা করছে বিরোধী দল। খালেদা বলেন, “সরকার যদি ভেবে থাকেন, সংবিধান সংশোধন করে ক্ষমতায় থেকে নির্বাচন করবেন, তা হবে না। অবশ্যই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে।” ‘ ইলিয়াসকে ফেরত দিতে হবে’ বিএনপির কেন্দ্রীয় নেতা এম ইলিয়াস আলীকে সরকারই ‘গুম’ করেছে বলে পুনর্বার দাবি করে খালেদা জিয়া বলেন, “ইলিয়াস আলীকে যদি ফেরত না দেওয়া হয়, আগামীতে বর্তমান সরকার ও সংশ্লিষ্ট এজেন্সিকে জবাবদিহি করতে হবে। এর দায় সরকারের ওপর বর্তাবে।” “সরকারের মন্ত্রীদের বস্তাভর্তি টাকার ঘুষ কেলেঙ্কারির ঘটনা আড়াল করতেই ইলিয়াস আলীকে গুম করা হয়েছে,” বলেন তিনি। সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে দাবি করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, “আজ ঘরে খুন, বাইরে খুন- এটি হচ্ছে মানুষের মুখে মুখে কথা। তাহলে এ ধরনের অযোগ্য সরকারের প্রয়োজন কী?” খালেদা জিয়া বলেন, বিএনপি সব ধর্মের সম্প্রীতিতে বিশ্বাসী এবং তারা সবাইকে নিয়ে কাজ করতে চান। “আওয়ামী লীগ সব সময় বিভাজনের রাজনীতি করে থাকে,” বলেন তিনি। ‘ ভয় থেকে মামলা’ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ ৬৪ নেতার বিরুদ্ধে মামলার সমালোচনার করে খালেদা জিয়া বলেন, “তারা নিজেরা অপরাধ করে দোষ চাপিয়েছে বিরোধী দলের ওপর।” “আওয়ামী লীগ বলে আমরা হরতাল আহ্বান করে মাঠে নামি না। জনগণের স্বতঃস্ফূর্ত হরতালে বোমা ফাটায়, গাড়ি পোড়ায় তারা, আর দোষ দেয় আমাদের।” “আন্দোলনে ভয় পেয়ে সরকার আমাদের দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ ৬৪ জনের বিরুদ্ধে মামলা দিয়েছে,” বলেন বিএনপি চেয়ারপারসন। খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানসহ দেশের বিভিন্ন স্থান থেকে বৌদ্ধ সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল গুলশানে তার কার্যালয়ে আসেন। তারা খালেদাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্যও কামনা করেন তারা। অনুষ্ঠানে ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন দেওয়ান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সুকোমল বড়–য়া প্রমুখ। বিএনপি নেতা নজরুল ইসলাম খান, এম মোরশেদ খান, আবদুল্লাহ আল নোমান, রুহুল আলম চৌধুরীও অনুষ্ঠানে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২৩২৩ ঘ.