ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগাম জামিন দেওয়ার ক্ষেত্রে সরকার আদালতকে প্রভাবিত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, “আমাদের নেতৃবৃন্দ যাতে জামিন আবেদনের জন্য আদালতে প্রবেশ করতে না পারেন, সেজন্য সুপ্রিম কোর্টের চারপাশে ব্যাপক নিরাপত্তা বসানো হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই- এভাবে পাহারা বসিয়ে যতোই আদালতকে প্রভাবিত করুন না কেন, তারা জামিন নিয়ে ফিরে আসবেন।”
‘নিখোঁজ’ ইলিয়াস আলীর সন্ধান ও দলের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল এই মানববন্ধন করে।
এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে রোববার হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো এবং সচিবালয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় তেজগাঁও ও শাহবাগ থানায় দুটি মামলা হয়।
এই দুই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন, সাদেক হোসেন খোকা, আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, মাহবুব উদ্দিন খোকন, এলডিপি সভাপতি অলি আহমদ, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, জাগপা সভাপতি শফিউল আলম প্রধানকে আসামি করে পুলিশ।
বিএনপি নেতাদের জামিন চাইতে মওদুদের নেতৃত্বে আইনজীবীরা বুধবার হাইকোর্টে গেলে একটি বেঞ্চ তা শুনতে বিব্রত বোধ করে। আরেকটি বেঞ্চ ‘শোনার এখতিার নেই’ বলে তাদের ফিরিয়ে দেয়।
এছাড়া মাহবুব উদ্দিন খোকনের জামিন আবেদনের ওপর শুনানি হলেও হাইকোর্ট তাতে বিভক্ত রায় দেয়।
‘কেলেঙ্কারি চাপা দিতে গুম’
সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ঘুষ কেলেঙ্কারির ঘটনা আড়াল করতেই ‘সরকারের এজেন্সির লোকজন’ ইলিয়াসকে গুম করেছে বলে অভিযোগ করেন সাবেক আইনমন্ত্রী মওদুদ।
মানববন্ধনে তিনি বলেন, “দুই সপ্তাহ পার হওয়ার পরও তাকে (ইলিয়াস) ফেরত দেওয়া হয়নি। আমরা মনে করি, প্রধানমন্ত্রী ইচ্ছা করলে আজই ইলিয়াস আলীকে তার পরিবারের কাছে ফেরত দিতে পারেন।”
মওদুদ অভিযোগ করেন, “বিরোধী দলের ওপর দমনপীড়ন ও গুম-হত্যা চালিয়ে সরকার দেশকে সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে। আমরা এর অবসান চাই।”
ইলিয়াস আলীকে ‘ফিরিয়ে না দিলে’ চলমান আন্দোলন অব্যাহত থাকবেও বলে উল্লেখ করেন তিনি।
বাজেট প্রসঙ্গ
আগামী অর্থবছরেও কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার প্রস্তাবের সমালোচনা করেন বিএনপি নেতা মওদুদ আহমদ।
“আমরা শুনেছি, আগামী বাজেটেও সরকার কালো টাকা সাদা করার সুযোগ দেবে। উদ্দেশ্য একটাই- দেশের পুঁজিবাজার থেকে সরকারের দলীয় লোকজনের লুণ্ঠিত অর্থ এবং বেআইনিভাবে উপার্জিত অর্থকে সাদা করা। এসব অর্থ সাদা করার জন্য সরকার ইতিমধ্যে রাজনৈতিক বিবেচনায় দলীয় লোকজনকে ব্যাংক স্থাপনেরও অনুমোদন দিয়েছে।”
জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নূরে আরা সাফার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে বিএনপির সহসভাপতি রাজিয়া ফয়েজ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/১৩৪৫ ঘ.
bdnews24