চট্টগ্রাম, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে গাড়ি ভাংচুরের মামলায় জামিন পেলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও নগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনিসহ ছয় বিএনপিকর্মী।
বুধবার আসামিপক্ষের আইনজীবীর আবেদনের শুনানি শেষে চট্টগ্রাম মহানগর হাকিম ওসমান গণি তাদের জামিন মঞ্জুর করেন।
গত ২৪ এপ্রিল বিএনপির ডাকা তৃতীয় দিনের হরতালে গাড়ি ভাংচুরের সময় নগরীর বারিক বিল্ডিং মোড় থেকে গ্রেপ্তার হন মনিসহ ছয় মহিলাদল কর্মী।
গাড়ি ভাংচুর এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাদের বিরদ্ধে মামলা করে পুলিশ।
জামিন পাওয়া মহিলা দলের অপর পাঁচকর্মী হলেন- মনোয়ারা বাবুল, সায়মা হক, খালেদা বোরহান, নুরজাহান ও কহিনুর।
বিএনপিকর্মীদের আইনজীবী মফিজুল হক ভুঁইয়া বলেন, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ না থাকায় আদালত শুনানি শেষে তাদের জামিন আবেদন মঞ্জুর করেছেন।
তিনি বলেন, এ মামলায় তদন্তকারী কর্মকর্তাকে সাতদিনের মধ্যে প্রতিদেন দেওয়ার কথা থাকলেও তা তিনি দিতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৯১৭ ঘ.
bdnews24