ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি ২০১১-১২ অর্থবছরের মার্চ মাস পর্যন্ত পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার কমে যাওয়া অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে বুধবার অনুষ্ঠিত পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের এডিপি পর্যালোচনা সভায় তিনি তার অসন্তুষ্টির কথা জানান।
এডিপি বাস্তবায়নে কাজের গতি আরো বাড়াতে বিভিন্ন প্রকল্পের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
সভায় জানানো হয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং এর অধীনের বিভিন্ন সংস্থাগুলোর এডিপিতে চলতি অর্থবছরের মার্চ মাস অগ্রগতি হয়েছে ৪৭ দশমিক ৫২ শতাংশ। আগের বছর (২০১০-১১) অর্থবছরের একই সময়ে তা ছিল ৫১ দশমিক ৫৪ শতাংশ।
প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টরা এডিপি বাস্তবায়নের গতি কমে যাওয়ার জন্য অর্থ ছাড়ে জটিলতাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
প্রতিমন্ত্রী এডিপি বাস্তবায়ন এবং বরাদ্দ ছাড়ের গতি কমে যাওয়ার কারণও জানতে চান সংশ্লিষ্টদের কাছে।
তাকে জানানো হয়, ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’, ‘সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি’ এবং ‘অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প’ এ তিনটি প্রকল্পের সমন্বয়ে প্রাথমিকভাবে দেশের একটি ইউনিয়নে ‘মডেল প্রকল্প’ নেওয়া হবে। এতে সাফল্য পেলে পর্যায়ক্রমে এর কার্যক্রম আরো সম্প্রসারণ করা হবে।
সমবায়ভিত্তিক দুধ উৎপাদন প্রকল্প, সমবায় অধিদপ্তরের তথ্য ও প্রযুক্তি (আইসিটি) সেল, ই-সিটিজেন সার্ভিস উন্নয়ন প্রকল্প এবং গারো সমপ্রদায়ের জীবনমান উন্নয়নে নেওয়া প্রকল্পগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে সভায় পল্লী উন্নয়ন ও সমবায় সচিব মিহির কান্তি মজুমদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭৫৩ ঘ.
bdnews24