২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোকনের জামিন আবেদনে দ্বিধাবিভক্ত আদেশ

নিয়ম অনুযায়ী আবেদনটি এখন প্রধান বিচারপতির কাছে যাবে। তিনি তৃতীয় বেঞ্চ গঠন করে দিলে সেখানে আবেদনটি নিষ্পত্তি হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2012, 11:19 AM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের জামিন আবেদনে দ্বিধাবিভক্ত আদেশ দিয়েছে হাই কোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার বেঞ্চে হাজির হয়ে তেজগাঁও থানায় গাড়ি পোড়ানোর মামলায় আগাম জামিনের আবেদন করেন মাহবুব। আদালতে জামিন আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার রফিক-উল হক এবং সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান শুনানি করেন। শুনানি শেষে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক আনোয়ার উল হক আসামিকে আগামী ৯ মে পর্যন্ত জামিন দিয়ে এই সময়ের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। অন্যদিকে কনিষ্ঠ বিচারক ওই আবেদন খারিজ করে দেন। ব্যারিস্টার রফিক সাংবাদিকদের বলেন, আদালতের এই দ্বিধাবিভক্ত আদেশের ফলে নিয়ম অনুযায়ী আবেদনটি প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি তৃতীয় বেঞ্চ গঠন করে দিলে সেখানে আবেদনটি নিষ্পত্তি হবে। “আদালতের এই আদেশের পর আমরা আবেদনটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হয়রানি না করতে আদালতের নির্দেশনা প্রার্থনা করি। তখন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আদালতকে আশ্বস্ত করেন, তাকে হয়রানি করা হবে না,” বলেন তিনি। প্রবীণ এই আইনজীবী বলেন, “আগাম জামিনের আবেদনে দ্বিধাবিভক্ত আদেশ আমার ৫০ বছরের আইন পেশায় দেখিনি।” জামিন আবেদনের বিরোধিতা করে আদালতে এম কে রহমান বলেন, “এটা হচ্ছে দ্রুত বিচার আইনে করা মামলা। এই মামলায় সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন বা অভিযোগপত্র দাখিল করতে হয়। কয়েক দিন তো চলেই গেছে। তাছাড়া বারের সদস্য ও সংসদ সদস্য বিবেচনায় তাকে জামিন দিলে অন্যরা সুযোগ পেয়ে যাবে।” আদালতের দ্বিধাবিভক্ত আদেশের পর বিএনপিপন্থী আইনজীবীরা হৈ চৈ শুরু করেন। বিচারপতিরা এজলাস ছেড়ে যাওয়ার পর হৈ চৈ আরো বেড়ে যায়। তারা স্লোগানও দেয়। হরতালে গত ২৯ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় খোকন ছাড়াও বিএনপির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতাকে আসামি করা হয়েছে। একই দিনে সচিবালয়ে বোমা বিস্ফোরণের মামলায়ও তারা আসামি। এই মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের আগাম জামিনের আবেদন নিয়ে বুধবার হাই কোর্টে গিয়েছিলেন বিএনপির আইনজীবীরা। হাই কোর্টের একটি বেঞ্চ শুনানিতে বিব্রত বোধ করেন। এরপর তারা অন্য একটি বেঞ্চে গেলেও ‘শোনার এখতিয়ার নেই’ বলে সেখানেও তাদের ফিরিয়ে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৭১৩ ঘ.