২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের দ্বিতীয় দিনে বিক্ষিপ্ত সংঘর্ষ, আটক

নয়াপল্টন, মহাখালী, মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের বিক্ষিপ্ত সংঘর্ষ, ভাংচুর ও আটকের মধ্য দিয়ে চলছে এম ইলিয়াস আলীর ‘সন্ধান’ দাবিতে বিএনপির টানা হরতালের দ্বিতীয় দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2012, 03:19 AM

Updated : 24 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয়াপল্টন, মহাখালী, মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের বিক্ষিপ্ত সংঘর্ষ, ভাংচুর ও আটকের মধ্য দিয়ে চলছে এম ইলিয়াস আলীর ‘সন্ধান’ দাবিতে বিএনপির টানা হরতালের দ্বিতীয় দিন। সোমবার হরতালের শুরুতেই বিএনপি নেতাকর্মীরা নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল করতে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় সেখান থেকে সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হকসহ অন্তত তিনজনকে আটক করা হয় বলে পল্টন থানার ওসি শহিদুল হক জানিয়েছেন। আগের দিনের মতোই বিএনপি কার্যালয় সকাল থেকে ঘিরে রেখেছে পুলিশ। কাছেই প্রিজন ভ্যান, জল কামান ও রায়টকার রয়েছে। যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা ভেতরে থাকলেও অন্য কাউকে কার্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। পুলিশের ঘেরাওয়ের মধ্যে থেকে রিজভী সাংবাদিকদের বলেন, “আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি করতে দিচ্ছে না পুলিশ। সরকার বিরোধী দলের ওপর নির্যাতন চালাচ্ছে। রোববার রাতে গোয়েন্দা পুলিশ আমাদের নেতা কামরুজ্জামান রতনকে তুলে নিয়ে গেছে। মহিলা নেত্রী শিরিন সুলতানার শাহজাহানপুরের বাসায় রাতে পুলিশ তল্লাশি চালিয়েছে।” হরতাল শুরুর আগেই উত্তরায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তার বিরুদ্ধে তেজগাঁও ও শাহবাগ থানায় দুটি মামলা হয়েছে আগের রাতে। সকাল ১১টা পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলীয় কার্যালয়ে ঢুকতে দেখা যায়নি। এদিকে হরতালে গাড়ি পোড়ানো ও হাতবোমা বিস্ফোরণের মামলায় রোববার রাতে গ্রেপ্তার করা হয়েছে সাবেক ছাত্রদল নেতা কামরুজ্জামান রতনকে। একটি টেলিভিশন কার্যালয়ের বাইরে থেকে পুলিশ তাকে নিয়ে যায় বলে জানিয়েছেন তার স্ত্রী নূরে জান্নাত। আগের হরতালগুলোর তুলনায় সোমবার দিনের শুরুতেই অনেকটা কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। রাজধানীর মহাখালী, তেজগাঁও, মিরপুর, আজিমপুরসহ বিভিন্ন এলাকায় বিএনপি কর্মীরা মিছিল বের করতে গেলে পুলিশ পিটিয়ে তাদের সরিয়ে দেয়। এ সময় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে। বেশ কয়েকজনকে আটকও করে পুলিশ। নয়া পল্টনের সড়কে পুলিশ চেক পোস্ট বসিয়ে অটোরিকশার যাত্রী ও মোটর সাইকেল আরোহীর দেহ তল্লাশি করছে। হরতালে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও ট্রেন, বিমান ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকার সড়কে কিছু বাস চলছে, ছিল টেম্পু ও অটো রিকশাও। অন্যান্য হরতালের মতো রাজপথে প্রচুর রিকশা রয়েছে। হরতালে অফিস-আদালত খোলা থাকলেও উপস্থিতি কম। শিক্ষা প্রতিষ্ঠানও কার্যত বন্ধ রয়েছে। গত ১৭ এপ্রিল থেকে নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ও তার গাড়িচালক মো. আনসার। তাদের সরকার গুম করেছে বলে বিএনপি দাবি করলেও সরকারের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে। এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে গত সপ্তাহে তিন দিন হরতালের পর রোববারও একই কর্মসূচি দেওয়া হয়। রোববার থেকে শুরু হয়েছে দ্বিতীয় দফায় দুই দিনের সকাল-সন্ধ্যা হরতাল। রোববার হরতাল চলাকালে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রায় ৩০টি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়, এর মধ্যে দুটির বিস্ফোরণ ঘটানো হয় সচিবালয়ে। এছাড়া বিক্ষিপ্তভাবে কয়েকটি বাসে আগুন দেয় হরতালকারীরা। সোমবার হরতাল শেষে নতুন কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/জেকে/১২০১ ঘ.