২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাদের সিদ্দিকীর ‘বিকল্প হরতালতত্ত্ব’

হরতালে সাধারণ মানুষের ক্ষতি হয় মন্তব্য করে বিকল্প কর্মসূচি হিসেবে অভিনব এক উপায় বাতলেছেন কৃষক-শ্রমিক জনতা লীগের প্রধান কাদের সিদ্দিকী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2012, 05:52 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে সাধারণ মানুষের ক্ষতি হয় মন্তব্য করে বিকল্প কর্মসূচি হিসেবে অভিনব এক উপায় বাতলেছেন কৃষক-শ্রমিক জনতা লীগের প্রধান কাদের সিদ্দিকী। বিএনপির প্রতি আহ্বান জানিয়ে এককালে বাঘা সিদ্দিকী নামে পরিচিত সাবেক এই আওয়ামী লীগ নেতা শনিবার এক আলোচনা সভায় বলেন, “রাস্তায় বা গাছের নিচে শুয়ে প্রতিবাদ জানান।” দলের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়ার প্রতিবাদে রবি ও সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। এর আগে একই কারণে ২২ থেকে ২৪ এপ্রিল টানা তিনদিন হরতাল করে দলটি। বিকালে প্রেসক্লাবের ওই আলোচনা সভায় কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, “হরতালে সাধারণ মানুষের ক্ষতি হয়। চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যায়।” “এ ধরনের হরতাল করে সরকারের কানে পানি ঢালা যায় না। আপনারা তপ্ত রাস্তায় না হয়, গাছের নিচে শুয়ে পড়ে প্রতিবাদ করেন- দেখেন সরকারের কানে পানি যায় কি না।” নিজ দলের কাউকে ধরে নিলে কিভাবে প্রতিবাদ জানাতে হয় গত ২৪ এপ্রিল তপ্ত রাস্তায় শুয়ে তা দেখিয়েছেন বলে জানান তিনি। একই আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা বলেন, “এদেশে সরকারি দলের সদস্যদের জন্য এক ধরনের আইন, আর বিরোধী দলের সদস্যদের জন্য আরেক ধরনের আইন। সরকারি দলের সাত হাজার একশ’ সদস্যের মামলা প্রত্যাহার হয়। অথচ বিরোধী দলের বেলায় তা হয় না।” বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মো. ইব্রাহীম বলেন, “১৯৭২, ৭৩, ও ৭৪ সালের মতোই দেশ চলছে। ওই সময় মোবাইল ফোন, ফেসবুক, এসএমএস ছিলো না কিন্তু বর্তমানে আছে। তবে ওই সময় ‘গুম’ ছিলো এখনও ‘গুম’ আছে।” বর্তমান শাসন ব্যবস্থা জঙ্গলের শাসন ব্যবস্থা বলে মন্তব্য করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/জিএনএ/২৩৪৯ ঘ.