ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনায় সরকারকেই জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আজ ১১ দিন হয়ে গেল ইলিয়াস আলীর সন্ধান পাওয়া যায়নি। তিনি কোথায়? তাকে খুঁজে বের করার দায়িত্ব সরকারেরই।”
“ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার জন্য সরকারকেই জবাবদিহি করতে হবে”, যোগ করেন ফখরুল।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন থেকেই রবি ও সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ইলিয়াস আলীকে যে মুহূর্তে জীবিত ফেরত দেওয়া হবে, সেই মুহূর্তেই আমরা হরতাল প্রত্যাহার করে নেব।”
দুই দিনের হরতাল শেষে আগামী সোমবার নতুন কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তিনি।
হিলারির ঢাকা সফরকালে কর্মসূচি নয়
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ঢাকা সফরের সময় বিএনপি কোনো কর্মসূচি দেবে না।
ভারত ও বাংলাদেশ সফরে আগামী ৫ মে ঢাকা আসার কথা রয়েছে হিলারির।
ফখরুল বলেন, “পত্রিকায় দেখেছি, তিনি ঢাকায় আসবেন। আমরা এমন কোনো কর্মসূচি দেব না, যাতে দেশের ভাবমূর্তি ক্ষণœ হয়। তবে বিএনপি যখন ক্ষমতায় ছিল, যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী কলিন পলওয়েল যখন ঢাকা এসেছিলেন, আওয়ামী লীগ তখন হরতাল দিয়েছিল।”
ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একজন আন্ডার সেক্রেটারি উদ্বেগ প্রকাশ করায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান ভারপ্রাপ্ত মহাসচিব।
‘ইলিয়াসকে গুম করেছে সরকারের এজেন্সি’
গত ১৭ এপ্রিল মধ্যরাতে রাজধানীর মহাখালী এলাকায় নিখোঁজ হন সাবেক সাংসদ ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার। ওই রাতেই ইলিয়াসের বনানীর বাসার কাছে আমতলী থেকে তার গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাকে উদ্ধারে র্যাব ইতিমধ্যে কয়েকটি অভিযান চালালেও এই বিএনপি নেতার সন্ধান মেলেনি।
ইলিয়াসকে সরকারের ‘এজেন্সি ও র্যাবের লোকেরা’ তাকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন খালেদা জিয়া। তবে প্রধানমন্ত্রী তা অস্বীকার করে ঘটনাটিকে বিএনপির ‘সাজানো নাটক’ অভিহিত করেছেন।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “পত্রিকার প্রকাশিত প্রতিবেদন থেকে আমাদের প্রতীয়মান হয়েছে, ইলিয়াস আলীকে সরকারের এজেন্সির লোকজনই তুলে নিয়ে গেছে।”
“আমরা ক্ষোভের সঙ্গে বলছি, ইলিয়াস আলীকে উদ্ধারের কোনো চেষ্টা সরকার করেনি। করে থাকলেও তারা ব্যর্থ হয়েছে। গত তিন বছরে সরকার ১২৭ জন রাজনৈতিক নেতা-কর্মীকে গুম করেছে।”
এইচএসসি পরীক্ষা প্রসঙ্গে
হরতালের কারণে এইচএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়া প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “আমরা জানি, এইচএসসি পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। কিন্তু আমাদের কোনো পথ খোলা নেই। ইলিয়াস আলীর মতো রাজনৈতিক নেতাকে গুম করার বিষয়টিও জাতীয় গুরুত্বপূর্ণ বলে হরতাল ছাড়া বিকল্প আর কোনো পথও নেই।”
তিনি জানান, ইলিয়াস আলীর ছেলেও এইচএসসি পরীক্ষার্থী। কিন্তু বাবা ‘নিখোঁজ’ থাকায় সে পরীক্ষায় মনোযোগী হতে পারছে না।
“হরতালে জনগণের কষ্ট হয়। তারপরও জনগণের নিরাপত্তার নিশ্চিত করার দাবিতে এই হরতালের কর্মসূচি দেওয়া হয়েছে। আমরা আশা করব, দেশবাসী কষ্ট স্বীকার করেই রবি ও সোমবারের হরতাল কর্মসূচি সফল করবেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/২০১৯ ঘ.
bdnews24