সাভার, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ‘নিখোঁজ’ ইলিয়াস আলীকে ফেরতের দাবিতে সাভারে মিছিলে পুলিশের লাঠিচার্জে ১৫ নেতা-কর্মী আহত হয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয় বিএনপি।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সাভার পৌর বিএনপির সভাপতি মো. রেফাত উল্লাহর নেতৃত্বে মিছিলটি সাভার বাজার বাসস্ট্যান্ডে এসে পৌঁছলে পুলিশ বাধা দেয়। মিছিলকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে সামনে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
মো. রেফাত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম। হঠাৎ পুলিশ আমাদের উপর লাঠিচার্জ শুরু করে।
লাঠিচার্জে তিনিসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও ৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নূরুল ইসলাম।
তবে সাভার মডেল থানার এসআই আবুল হোসেন জানান, বিএনপির কোনো মিছিলে পুলিশ লাঠিচার্জ করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এসইউ/১৮১৪ ঘ.
bdnews24