২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারোলে মুক্তি পাচ্ছেন মুজাহিদ

নারায়ণগঞ্জ কারাগার থেকে ৬ ঘণ্টার প্যারোলে মুক্তির পর উত্তরায় ছোট ভাইয়ের জানাজায় অংশ নেবেন যুদ্ধাপরাধের মামলায় কারাবন্দি এই জামায়াত নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2012, 07:47 AM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাইয়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পাচ্ছেন যুদ্ধাপরাধের মামলায় কারাবন্দি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ। তার আইনজীবী মুন্সী আহসান কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্যারোল অনুমোদন করেছে। মুক্তি পাওয়ার সময় থেকে ছয় ঘণ্টার জন্য তা কার্যকর হবে।” শুক্রবার বিকালে হৃদরোগে মারা যান মুজাহিদের ছোট ভাই আলী আশরাফ মো. শোয়ায়েব (৫৬)। তিনি দৈনিক সংগ্রামের ফরিদপুর জেলা প্রতিনিধি ও ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ছিলেন। মুজাহিদের ভাগ্নে রেশাদুল হাকিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার মামা এখন নারায়ণগঞ্জ কারাগারে আছেন। প্যারেলে মুক্তি পেলে তাকে সেখান থেকে ঢাকার উত্তরায় তার বাসায় নিয়ে যাওয়া হবে। আজমপুর মসজিদ মাঠে জানাজায় অংশ নেবেন তিনি। নারায়ণগঞ্জ কারাগারের জেলার দেওয়ান তারিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্যারোলের আদেশ ফ্যাক্সের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছেছে। তা হাতে পেলেই আমরা মুজাহিদ সাহেবের মুক্তির ব্যবস্থা করব।” মুজাহিদকে নারায়ণগঞ্জ থেকে উত্তরায় নিয়ে যাওয়ার জন্য ইতোমধ্যে একটি মাইক্রোবাস ও পিকআপ প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি। এর আগে গত বছর অক্টোবরে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ইমামতি করেন জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদী। তার বিরুদ্ধে ইতোমধ্যে যুদ্ধাপরাধের মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। ২০১০ সালের ২৯ জুন আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে গ্রেপ্তার করে পুলিশ। ওই বছর ২ অগাস্ট তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মুজাহিদের বিরুদ্ধে ৩৬৬ পৃষ্ঠার প্রতিবেদনে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএ/জেকে/১৪১৫ ঘ.