ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ‘নিখোঁজ’ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে ‘ফেরত’ পাওয়ার দাবিতে বিকেলে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি।
দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল ৫টায় নয়া পল্টনে দলীয় কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন কর্মসূচি ঘোষণা করবেন।
এর আগে তিন দিন হরতালের পর মঙ্গলবার এম ইলিয়াস আলীর সন্ধান দিতে শনিবার পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছিলেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
বুধবার বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের এক বৈঠকের পর নেতারা ইংগিত দেন, ইলিয়াসকে শনিবারের মধ্যে ‘পাওয়া’ না গেলে পরদিন থেকে বিরোধী জোট আবার টানা হরতাল করবে।
জোটের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা জানান, হরতালের দিন-তারিখ ঘোষণা করা না হলেও বুধবার এক বৈঠকে আনুষ্ঠানিকভাবেই জানানো হয়েছে যে, ‘কঠোর’ কর্মসূচি দেওয়া হবে।
বুধবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সমাবেশে বলেন, “ইলিয়াসকে ফেরত দেওয়া না হলে রোববার থেকে দেশে যে আগুন জ্বলবে সে আগুন নেভানোর শক্তি সরকারের থাকবে না।”
সরকারের বাহিনীই ইলিয়াসকে ‘গুম’ করেছে এমন অভিযোগ এনে গত রোববার থেকে টানা তিনদিন সারাদেশে হরতাল করে বিএনপি। তার আগে গত বৃহস্পতিবার সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল হয়।
তবে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন করে ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনায় আরও হরতাল দিয়ে দেশের মানুষকে জিম্মি না করার আহ্বান জানান আওয়ামী লীগের মুখপাত্র ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এর বদলে ইলিয়াসকে উদ্ধারে সরকারকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান তিনি।
গত ১৭ এপ্রিল মধ্যরাত থেকে ইলিয়াস আলী ও তার গাড়িচালক নিখোঁজ- এ অভিযোগে সে রাতেই থানায় জিডি এবং পরদিন হাই কোর্টে রিট করেন তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। ওই রাতেই ইলিয়াসের বনানীর বাসার কাছে আমতলী থেকে তার গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাকে উদ্ধারে র্যাব ইতিমধ্যে কয়েকটি অভিযান চালালেও তাতে কোনো ফল মেলেনি।
ইলিয়াসকে সরকারের ‘এজেন্সি ও র্যাবের লোকেরা’ তাকে তুলে নিয়ে গেছে বলে খালেদা জিয়ার অভিযোগ। তবে প্রধানমন্ত্রী তা অস্বীকার করে ঘটনাটিকে বিএনপির ‘সাজানো নাটক’ হিসাবে অভিহিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১১০৮ ঘ.
bdnews24