ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘নিখোঁজ’ ইলিয়াস আলীকে ‘জীবিত’ ফেরত না দিলে রোববার থেকেই আরো ‘কঠোরতর’ কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার বিকালে এক বিক্ষোভ সমাবেশে দলের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আজকের গণমাধ্যমে প্রত্যক্ষদর্শী এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে খবর প্রকাশ হয়েছে, সরকারের সাদা পোশাকধারী লোকেরাই ইলিয়াস আলীকে রাত ১১টার পর তার বনানীর বাসার কাছ থেকে তুলে নিয়ে গেছে।”
“সুতরাং তাকে সরকারকে ফেরত দিতেই হবে।”
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, “শনিবারের মধ্যে ইলিয়াস আলী জীবিত ফেরত না আসলে পরদিন থেকে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি শুরু হবে।”
ওই কর্মসূচির জন্য দলীয় নেতা-কর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহবান জানান তিনি।
গত ১৭ এপ্রিল মধ্যরাত থেকে ইলিয়াস আলী ও তার গাড়িচালক নিখোঁজ- এ অভিযোগে সে রাতেই থানায় জিডি এবং পরদিন হাই কোর্টে রিট করেন তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। ওই রাতেই ইলিয়াসের বনানীর বাসার কাছে আমতলী থেকে তার গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাকে উদ্ধারে র্যাব ইতিমধ্যে কয়েকটি অভিযান চালালেও তাতে কোনো ফল মেলেনি।
ইলিয়াসকে সরকারের ‘এজেন্সি ও র্যাবের লোকেরা’ তাকে তুলে নিয়ে গেছে বলে খালেদা জিয়ার অভিযোগ। তবে প্রধানমন্ত্রী তা অস্বীকার করে ঘটনাটিকে বিএনপির ‘সাজানো নাটক’ হিসাবে অভিহিত করেছেন।
মহানগর বিএনপির উদ্যোগে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ইলিয়াস আলীকে ‘ফেরত’ দেওয়ার দাবিতে এই বিক্ষোভ সমাবেশ করে বিএনপি।
“মানবাধিকার সংস্থার প্রতিবেদন অনুযায়ী রিপোর্ট অনুযায়ী এ পর্যন্ত ১২৭ জনকে গুম করা হয়েছে” উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “জাতিসংঘের কনভেনশন অনুযায়ী এভাবে জবরদস্তি গুম করা মানবতার বিরুদ্ধে অপরাধ। বাংলাদেশে এরকম ঘটনা ঘটেই চলছে।”
“ইলিয়াস আলীর আগে মহানগর নেতা চৌধুরী আলমসহ অনেক রাজনৈতিক কর্মীকে গুম করেছে সরকার,” বলেন তিনি।
“তার ছোট মেয়ে এখন তজবীহ হাতে প্রার্থনা করছে- আল্লাহ তুমি আমার বাবাকে ফিরিয়ে দাও। স্ত্রী ও সহকর্মীরা একইভাবে উদ্বেগ-উৎকন্ঠার মধ্যে আছেন,” যোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
সবক্ষেত্রে ব্যর্থতা আড়াল করতেই সরকার এরকম ‘গুম-হত্যা’ চালিয়ে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির ঢাকা মহানগর কমিটির আহবায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান পটল, শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সাংসদ নুরুল ইসলাম মঞ্জু, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সাংসদ শাম্মী আখতার, জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২৩০৩ ঘ.
bdnews24