ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সর্বশেষ রাজনৈতিক ‘পরিস্থিতি’ নিয়ে সরকারি দলের বক্তব্য পাওয়া যাবে বৃহস্পতিবার।
এদিন সকালে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টায় ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দেশে বিদ্যমান আর্থ-সামাজিক, রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আওয়ামী লীগের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ হওয়া এবং বিরোধী দলের টানা তিন দিনের হরতাল, খালেদা জিয়ার আগামী শনিবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া এবং আওয়ামী লীগের সাংসদ তানজিম আহমেদের (সোহেল তাজ) সাংসদ পদ থেকে পদত্যাগের পটভূমিতে এ সংবাদ সম্মেলন হচ্ছে।
এদিকে একইদিন দুপুরে ভোলা জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে নিজের সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনা মত বিনিময় করবেন। এই অনুষ্ঠানে শেখ হাসিনা দলীয় নেতাদের উদ্দেশে বক্তব্য দেবেন।
ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়ার তিন দিন পর শুক্রবার সকালে চার দিনের সরকারি সফরে শেখ হাসিনা কাতার যান। মঙ্গলবার তিনি ফেরেন।
বিএনপির হরতালে সাবেক সাংসদ ইলিয়াসের নির্বাচনী এলাকা বিশ্বনাথে পুলিশের সঙ্গে সংঘর্ষে সোমবার দুজন নিহত হয়, যারা পুলিশের গুলিতে মারা গেছে বলে বিএনপির দাবি। ওই দিন আহত এক জন বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়ার পর বিরোধীদলীয় নেতা সরকারি দল এবং র্যাবের বিরুদ্ধে অভিযোগ তোলে।
তবে প্রধানমন্ত্রী এ অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, এটি বিএনপির সাজানো ‘নাটক’।
গত ১৭ এপ্রিল মধ্যরাত থেকে ইলিয়াস ও তার গাড়ির চালক আনসারী আলী নিখোঁজ- এ অভিযোগে ইলিয়াসের স্ত্রী থানায় জিডি এবং হাই কোর্টে রিট করেছেন। ওই রাতেই বিএনপির এ নেতার গাড়িটি তার বনানীর বাসার কাছে আমতলী থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/০০৪৮ ঘ.
bdnews24