ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচনার জন্য সরকারকে প্রস্তাব দেওয়ায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে অভিনন্দন জানিয়ে এতে সাড়া দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা নাজমুল হুদা।
নিখোঁজ এম ইলিয়াস আলীকে নিয়ে সরকার ও বিরোধী দলের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে বুধবার সংবাদ সম্মেলন করে নাজমুল হুদা এই আহ্বান জানান।
দুই প্রধান রাজনৈতিক নেত্রীর আলোচনা দেশকে বর্তমান ‘শ্বাসরুদ্ধকর’ অবস্থা থেকে মুক্তি দেবে বলে মনে করেন বহুল আলোচিত এই বিএনপি নেতা।
জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নাজমুল হুদা বলেন, “ইলিয়াস আলীকে কেন্দ্র করে দেশ যখন লাগাতার হরতালের মাধ্যমে এক চরম বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছিল, তখন বিরোধীদলীয় নেতা আলোচনার প্রস্তাব দিয়ে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে দেশকে বাঁচানোর এক দৃষ্টান্ত স্থাপন করেছেন।”
“তাই আমরা শান্তিপ্রিয় জনগণ প্রধানমন্ত্রীকে আলোচনায় বসার আহবান জানাচ্ছি। আমি মনে করি, দুই নেত্রী আলোচনার বসলে এই পরিস্থিতির অবসান হতে পারে,” বলেন তিনি।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন হরতাল নিয়ে এফবিসিসিআইয়ের সমালোচনার জবাবে সরকারকে বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দিতে ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানান।
শেখ হাসিনা ও খালেদা জিয়াকে এক টেবিলে বসার আহ্বান এক বছর আগেও জানিয়েছিলেন নাজমুল হুদা।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে দুই দলের মুখোমুখি অবস্থানের মধ্যে গত বছরের ১১ অগাস্ট সংবাদ সম্মেলন করে রাজনৈতিক নেতাদের উদ্দেশে নাজমুল হুদা বলেছিলেন, “এই অবস্থা থেকে উত্তরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে এক টেবিলে বসাতে হবে।”
রাজনৈতিক সঙ্কটের বিভিন্ন সময়ে দলীয় অবস্থানের সঙ্গে সঙ্গতিহীন বক্তব্য দিয়েও আলোচনায় এসেছিলেন নাজমুল হুদা। বিএনপি থেকে থেকে এ জন্য বহিষ্কৃতও হয়েছিলেন তিনি।
দুই নেত্রীর সরাসরি আলোচনার গুরুত্ব তুলে ধরে নাজমুল হুদা বলেন, “হরতাল ছাড়া অন্য যে কোনো কর্মসূচি যেমন মানববন্ধন, গণঅনশন ও মিছিল কোনো কিছুতেই সরকারের টনক নড়ে না। তাই আলোচনায় বসা হরতালের বিকল্প পথ হতে পারে। এজন্য সরকারের উচিৎ, বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসা।”
দলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার বিষয়ে সহসভাপতি নাজমুল হুদা বলেন, “এই ঘটনার দায় প্রধানমন্ত্রী এড়াতে পারবেন না। এতে সরকার ব্যর্থ হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৯১৫ ঘ.
bdnews24