ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন দিন হরতালের পর এম ইলিয়াস আলীর সন্ধান দিতে আগামী শনিবার পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
ওই সময়ের মধ্যে বিএনপি নেতার সন্ধান না পাওয়া গেলে রোববার থেকে আবার হরতালের মতো কর্মসূচি দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।
মঙ্গলবার নিজের গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে খালেদা জিয়া কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াসের সন্ধান দাবিতে বৃহস্পতিবার ও শনিবার সারাদেশে বিক্ষোভের কর্মসূচিও দেন।
ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদীর লুনা ও তাদের সন্তানদের পাশে রেখে সংবাদ সম্মেলন করেন বিএনপি চেয়ারপারসন। সংবাদ সম্মেলনের সময় ইলিয়াসের ছোট মেয়ে সাইয়ারা নাউয়ালের সঙ্গে কথাও বলেন তিনি। পুরো সংবাদ সম্মেলনে বিমর্ষ দেখাচ্ছিল তাহসিনাকে।
সরকারই ইলিয়াসকে ‘গুম’ করেছে দাবি করে আসা খালেদা জিয়া বলেন, “সরকারকে বলব, ইলিয়াস আলী ও তার গাড়িচালককে অবিলম্বে পরিবারের হাতে তুলে দিন। তা না হলে আগামী ২৯ এপ্রিল থেকে আবারো কঠোর কর্মসূচি শুরু হবে।”
কঠোর কর্মসূচি কী হতে পারে জানতে চাইলে তিনি বলেন, “এটা সময়মতো জানতে পারবেন।”
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াসের সন্ধান দাবিতে রোব, সোম ও মঙ্গলবার হরতালের পর সংবাদ সম্মেলনে আসেন খালেদা।
তিনি বলেন, “আমরা জানি, হরতাল দেশের জন্য ক্ষতিকর। তবে অস্তিত্ব রক্ষার প্রয়োজনে বাধ্য হয়ে আমাদের হরতাল ডাকতে হয়েছে।”
ফিরোজা রঙের শাড়ি পরা বিএনপি চেয়ারপারসন সংবাদ সম্মেলনের জন্য তার কার্যালয়ের সম্মেলন কক্ষে ঢুকেই তাহসিনার সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা জানান।
এরপর আধা ঘণ্টাকাল দুই পৃষ্ঠার লিখিত বক্তব্য পড়েন খালেদা, পরে সাংবাদিকদের কয়েকটি প্রশ্নেরও উত্তর দেন।
সংবাদ সম্মেলনে খালেদার পাশে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, সারোয়ারি রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও প্রেসসচিব মারুফ কামাল খান।
শর্তের কথা নাকচ
ইলিয়াস আলীকে ‘ফেরতে’র শর্ত নিয়ে সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনা চলছে কি না- জানতে চাওয়া হলে বিরোধীদলীয় নেতা বলেন, “কোনো শর্তের কথা আমাদের জানা নেই।”
গত ১৭ এপ্রিল ইলিয়াসকে ‘র্যাবের লোকরা’ ধরে নিয়েছে বলে খালেদা জিয়া আগেই অভিযোগ করেন। এরপর সমকালসহ কয়েকটি সংবাদপত্রে খবর ছাপা হয় যে ইলিয়াসকে ‘ফেরত’ দিতে সরকারের সঙ্গে বিএনপির আলোচনা চলছে।
তবে সরকারের পক্ষ থেকে সোমবার এক প্রেসনোটে এই ধরনের খবর ‘কল্পনাপ্রসূত’ বলে উড়িয়ে দেওয়া হয়।
সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের নাম উল্লেখ না করে বিএনপি চেয়ারপারসন বলেন, “তিনি এবং তার পত্রিকার মালিক সরকার সমর্থক বলে পরিচিত। সেই পত্রিকায় ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ব্যাপারে সংবাদ প্রকাশের জন্য সম্পাদককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। জীবনের নিরাপত্তা চেয়ে গোলাম সারওয়ার থানায় জিডি করতে বাধ্য হয়েছেন। এটা কিসের আলামত?”
এক সপ্তাহ ধরে নিখোঁজ ইলিয়াস জীবিত রয়েছে বলে বিএনপি মনে করে কি না- জানতে চাওয়া হলে খালেদা বলেন, “সরকার বলেছেন, ইলিয়াস আলীকে তারা খুঁজে বের করবেন। আমরা মনে করি, অবশ্যই সরকার তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেবে। আমরাও এই আশায় আছি।”
“কারণ সরকারের এজেন্সি, র্যাব ও আইশৃঙ্খলা বাহিনী ইলিয়াস আলী ও তার গাড়িচালককে তুলে নিয়ে গেছে,” আগের কথাই পুনরুল্লেখ করেন তিনি।
হরতালের কর্মসূচির ফলে তদন্ত কাজ ব্যাহত হচ্ছে বলে আইনশৃঙ্খলা বাহিনী যে অভিযোগ তুলেছে তা প্রত্যাখ্যান করে সাবেক ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলমের নিখোঁজ হওয়ার বিষয়টি তুলে ধরে পাল্টা আক্রমণ করেন খালেদা।
“কর্মসূচি তদন্তের জন্য বাধা হতে পারে না। চৌধুরী আলমে ধরে নিয়ে গেছে র্যাব। থানায় মামলাও আছে। তখন আমরা কোনো কর্মসূচি দিইনি। কিন্তু চৌধুরী আলমকে কি সরকার ফিরিয়ে দিয়েছে ?”
ইলিয়াস আলীর বিষয়ে আন্তর্জাতিক মহল থেকে ব্যাপক সমর্থন পাওয়ার দাবি করে বিএনপি চেয়ারপারসন বলেন, “যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কাছে এ ব্যাপারটি সেখানকার একাধিক এমপি তুলে ধরেছে। হাউজ অব কমন্সেও এ নিয়ে আলোচনা হয়েছে।”
হরতাল কর্মসূচির পক্ষে যুক্তি
হরতাল কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে বিএনপি ‘বাধ্য’ হয়েছে দাবি করে বিরোধীদলীয় নেতা বলেন, “আমরা হরতাল কর্মসূচি এড়িয়ে গণসংযোগ-রোড মার্চ-মহাসমাবেশসহ বিকল্প সৃজনশীল কর্মসূচি পালন করে আসছিলাম। কিন্তু ইলিয়াস আলীর মতো নেতাকে এভাবে সন্ত্রাসী কায়দায় ধরে নিয়ে গায়েব করে রাখার পর অস্তিত্ব রক্ষার খাতিরেই বিরোধী দলের কঠোর কর্মসূচিতে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না।”
“আমরা প্রথমে একদিনের হরতাল ডেকেছিলাম। পরে সরকারের আচরণেই তা বৃদ্ধি করতে বাধ্য হই। আমরা বলেছিলাম, ইলিয়াস আলীকে ফেরত দিলে আমরা হরতাল কর্মসূচি প্রত্যাহার করব। সরকার আমাদের দাবি মানেনি,” বলেন তিনি।
হরতালে মিছিলে বাধা, হামলা, মামলা, গ্রেপ্তার, নির্যাতনের নিন্দাও জানান খালেদা জিয়া।
সারাদেশে বিএনপির হরতাল শুরুর আগের দিন শনিবার ঢাকায় একটি বাসে আগুন দেওয়ায় পুড়ে মারা যান ওই বাসের চালক। হরতালের দ্বিতীয় দিন সোমবার ইলিয়াসের নির্বাচনী এলাকা সিলেটের বিশ্বনাথ উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হন দুজন।
ব্যবসায়ীদের নেতাদের আহ্বানের জবাব
হরতাল প্রত্যাহারে এফবিসিসিআইয়ের আহ্বানের জবাবে খালেদা জিয়া বলেন, “সরকারের সমর্থক কিছু ব্যবসায়ী নেতা ও ব্যক্তি হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। আমি তাদের বলতে চাই, সরকারের সঙ্গে আপনাদের নিয়মিত দেন-দরবার হয়। আপনারা ইলিয়াস আলীকে ছেড়ে দিতে বলুন। সন্ত্রাস-হত্যা-গুম-অপহরণ বন্ধ করতে বলুন।
“সীমান্তে হত্যা ও দুর্নীতি বন্ধ করতে বলুন। পুঁজিবাজারের লুটের টাকা ফেরত দিতে বলুন। ব্যাংকগুলো দেউলিয়া করে ঋণ নিয়ে সরকার চালাতে নিষেধ করুন। নির্যাতন বন্ধ করে বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসতে বলুন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের বিধান পুনর্বহাল করতে বলুন। তাহলে আমরা আর হরতাল ও আন্দোলন করব না।”
‘গুপ্তঘাতক বাহিনী’
বিরোধী দলের আন্দোলন দমাতে নেতাদের গুম করা হচ্ছে দাবি করে খালেদা জিয়া বলেন, “বিদেশি সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে, বেছে বেছে বিএনপির একশ নেতাকে গুম কিংবা খুন করা হবে। ওই সংবাদে বলা হয়েছে, বিশেষ গুপ্তঘাতক বাহিনী গঠন করা হয়েছে।
“এতে আমরা আতঙ্কিত। স্বাধীনতার পর এভাবেই রাষ্ট্র পরিচালিত গুপ্তহত্যার শিকার হয়েছে বিরোধী দলের হাজার হাজার নেতা-কর্মী। বর্তমান সরকারও সেই একইপথ বেছে নিয়েছে।”
বর্তমান সরকার পুরোপুরি ব্যর্থ দাবি করে বিরোধীদলীয় নেতা বলেন, “তিন বছরের কুশাসনে দেশটা তারা আবার মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। সারাদেশে আজ বিভীষিকার রাজত্ব চলছে। দেশে আজ এক ব্যক্তির স্বেচ্ছাচার কায়েম হয়েছে। সামান্যতম গণতান্ত্রিক মূল্যবোধ, পরমতের প্রতি একটু শ্রদ্ধাবোধ বর্তমান প্রধানমন্ত্রীর নেই। কারো কথায় তিনি কর্ণপাত করেন না।”
সোহেল তাজকে অভিনন্দন
সংসদ সদস্য পদ থেকে সরকারি দলের তানজিম আহমদ সোহেল তাজের পদত্যাগের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন বিরোধী নেতা।
“বিবেকের তাড়নায় নিজের সম্মান রক্ষার্থে তিনি ইস্তফা দিয়েছে। এজন্য তাকে আমি ধন্যবাদ জানাই,” বলেন তিনি।
খালেদা জিয়া বলেন, “আওয়ামী লীগ ও সরকারের মধ্যে যাদের সামান্যতম আত্মমর্যাদাবোধ ও দেশপ্রেম আছে, আমি তাদের সোহেল তাজের পথ অনুসরণ করার আহবান জানাই।”
সহকারীর অর্থ কেলেঙ্কারির পর পদত্যাগকারী সুরঞ্জিত সেনগুপ্তকে দপ্তরবিহীন মন্ত্রী করার নিন্দা জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, “এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী দুর্নীতিকে পুরস্কৃত করেছেন, সংবিধানও লঙ্ঘন করেছেন।”
সরকারের সমালোচনা করে তিনি বলেন, “পুরো দেশটাকে তারা মগের মুল্লুকে পরিণত করেছে। কোথাও কোনো আইনের শাসন নেই।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২২০০ ঘ.
এ সম্পর্কিত আরো খবর
ক্স তৃতীয় দিনে শান্ত সিলেট
ক্স জামিন পেলেন সেলিমা
ক্স মহাখালীতে দুটি বোমা বিস্ফোরণ
ক্স হরতালে রাজধানীতে ভাংচুর, অগ্নিসংযোগ
ক্স ‘সরকার সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে’
ক্স হরতালের বিকল্প খোঁজার পরামর্শ কাদের সিদ্দিকীর
ক্স হরতালে ছাড়ছে দূরপাল্লার বাস
ক্স গামছা বিছিয়ে রাস্তায় কাদের সিদ্দিকী
ক্স হরতালচিত্র
bdnews24