২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের মিছিলে সরগরম হরতালের রাজপথ

হরতালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পুলিশ অবরুদ্ধ করে রাখলেও আওয়ামী লীগের কার্যালয় এলাকা সরগরম আছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো মিছিলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2012, 07:12 AM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পুলিশ অবরুদ্ধ করে রাখলেও বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয় এলাকায় সকাল থেকেই মিছিল করছে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো। বিকালে সেখানে তাদের সমাবেশ করারও কথা রয়েছে। সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান না মেলায় মঙ্গলবার দেশজুড়ে টানা তৃতীয় দিনের মতো হরতাল করছে Ÿিএনপি। এদিকে ‘হরতালের নামে বিশৃঙ্খলার’ প্রতিবাদে সকাল ১০টার পর থেকেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তা এবং ফুলবাড়িয়া ও পল্টন এলাকায় রাস্তায় দফায় দফায় মিছিল করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগ, ওলামা লীগ যুব মহিলা লীগ এবং ছাত্রলীগ। ১১টার পর দিকে ছাত্রলীগের সদস্যরা মটরসাইকেল নিয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে টহল দেয়। ৩০/৪০টি মোটরসাইকেলে করে আশেপাশের বিভিন্ন সড়কেও পালাক্রমে ‘চক্কর’ দেয় তারা। ওই এলাকাগুলোতে ঢাকার বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে আসা আওয়ামী লীগ নেতা-কর্মীদেরও মিছিল করতে দেখা যায়। আগের দুদিনের হরতালেও আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো রাজপথে হরতালবিরোধী মিছিল করে। হরতালের প্রথম দু’দিনের মতো মঙ্গলবারও নয়া পল্টনে বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ ও র‌্যাব। মিরপুর, আজিমপুর, তেজগাঁওসহ বিভিন্ন এলাকায় ভোরে বিএনপি কর্মীরা ঝটিকা মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। সকাল থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় ভিড় করতে শুরু করেন দলের নেতা-কর্মীরা। এর মধ্যেই দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ সাংবাদিকদের সঙ্গে হরতাল পরিস্থিতি নিয়ে কথা বলেন। হানিফ বলেন, “ইলিয়াস আলী উদ্ধার হোক- বিরোধীদল তা চায় না। তারা ইলিয়াস আলী নাটক বানিয়ে- এটাকে একটা ইস্যু তৈরি করে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। “আগামীতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কোনো অস্থিতিশীলতা মোকাবেলায় আরো কঠোর হবে”, যোগ করেন তিনি। ‘প্রকৃতপক্ষে হরতাল হচ্ছে না’ মন্তব্য করে হানিফ বলেন, “অফিস-আদালত সবই খোলা ছিল। আতংক এবং দুর্ভোগ সৃষ্টি করা ছাড়া কিছুই হয়নি।” সিলেটের বিশ্বনাথে হত্যাকান্ডের দায় বিরোধীদলকে নিতে হবে বলেও মন্তব্য করেন হানিফ। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দী, এনামুল হক শামীমসহ সাবেক ছাত্রলীগ নেতারা রয়েছেন। হরতালের প্রতিবাদে মঙ্গলবার বিকাল ৪টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই সমাবেশ করবে আওয়ামী লীগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/এসইউ/১২৪৫ ঘ.