ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার সমর্থকদের মিছিল করতে দিলেও হরতালের সমর্থনে মিছিলে পুলিশের বাধার সমালোচনা করেছেন বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে সোমবার দ্বিতীয় দিনের হরতালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিছিল করে বিএনপি সমর্থক আইনজীবীরা। তবে মিছিল নিয়ে ফটকের বাইরে যেতে পারেননি তারা।
ফটকের সামনে সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি রফিকুল ইসলাম পুলিশের উদ্দেশে বলেন, “গতকাল আমরা দেখেছি, আপনারা সুরক্ষা দিয়ে যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীদের মিছিলের সুযোগ করে দিয়েছেন। অথচ আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে প্রেসক্লাবে যেতে চাইলেও আপনারা বাধা দিচ্ছেন। এ জন্য ভবিষ্যতে আপনাদরে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে।”
মন্ত্রী-প্রতিমন্ত্রীদের উদ্দেশ্য করে তিনি বলেন, “পুলিশ বাহিনীর ঘেরাও থেকে বের হয়ে মাঠে আসুন, দেখি কে কতক্ষণ মাঠে থাকতে পারে।”
সমাবেশে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন ১২ ঘণ্টার মধ্যে ইলিয়াস আলীকে আদালতে হাজির করতে সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, “জাতি এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছে। এরপরও পুলিশ বাহিনী তাদের দায়িত্ব পালন না করে ক্ষমতাসীনদের নিজস্ব বাহিনীর মতো আচরণ করছে। তারা জনগণের জন্য কিছুই করছে না।”
সমাবেশে বক্তব্য রাখেন ফোরামের মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রমুখ।
সমাবেশ করে আবার মিছিল নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ফিরে আসেন বিএনপির আইনজীবীরা।
এদিকে রোববারের হরতালে দেশের বিভিন্ন এলাকায় আইনজীবীদের গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ফোরাম।
সুপ্রিম কোর্টের দক্ষিণ হলে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম মিয়া রোববার গ্রেপ্তার হওয়া সব নেতা-কর্মীদের মুক্তি দাবি করেছেন।
এদিকে হরতালের মধ্যেও সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতিরা এজলাসে এসে বিচারকাজে অংশ নিয়েছেন। তবে হাই কোর্ট বিভাগের কোনো বেঞ্চ বসেনি। প্রশাসনিক শাখায় যথারীতি কাজ চললেও কর্মকর্তা-কর্মচারী ও বিচারপ্রার্থীদের উপস্থিতি অন্যদিনের তুলনায় কম ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৬২০ ঘ.
bdnews24