২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সরকার গুম করেছে, তাদেরই ফেরত দিতে হবে’

‘নিখোঁজ’ ইলিয়াস আলীকে ফেরত দেওয়া নিয়ে সরকারের সঙ্গে কোনো সমঝোতা হয়নি মন্তব্য করে এ কথা বলেছেন বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2012, 01:00 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘নিখোঁজ’ ইলিয়াস আলীকে ফেরত দেওয়া নিয়ে সরকারের সঙ্গে কোনো সমঝোতা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “সরকারই তাকে গুম করেছে। সরকারকেই ফেরত দিতে হবে। এ নিয়ে সমঝোতার কথার ভিত্তি নেই।” রোববার বিকালে এক সংবাদ ব্রিফিঙে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এদিনের হরতাল বিষয়ে জানাতে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিং হয়। গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে সাংবাদিকরা জানতে চান, সরকারের একটি গোয়েন্দা সংস্থা ইলিয়াস আলীর সন্ধান পেয়েছে। তাকে ফিরিয়ে আনার বিষয়ে বিএনপির কয়েকজন শীর্ষস্থানীয় নেতার সঙ্গে সরকারের সমঝোতা বৈঠক হয়েছে। এ ব্যাপারে মির্জা ফখরুলের প্রতিক্রিয় জানতে চান সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, “এটি সম্পূর্ণ ভিত্তিহীন সংবাদ। এ নিয়ে সরকারের সঙ্গে কোনো সমঝোতার প্রশ্নই আসে না। আমরা এখনো সরকারকে বলছি, সরকারের এজেন্সি ইলিয়াস আলী ও তার গাড়িচালককে নিখোঁজ করেছে। “তাদের অবশ্যই সরকারকেই ফেরত দিতে হবে।” নইলে ইলিয়াস আলীকে ফেরত পাওয়ার বিষয়ে চলমান আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দেন ফখরুল। দলের সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীকে ফেরত দেয়ার দাবিতে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা বিএনপি সোমবারও সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ ইলিয়াসের ব্যক্তিগত গাড়ি গত মঙ্গলবার রাত দেড়টার দিকে তার বনানীর বাসার কাছে আমতলীতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। গাড়িতে পাওয়া গাড়িচালক আনসার আলীর মোবাইল ফোনের মাধ্যমে পুলিশ নিশ্চিত হয় গাড়িটি ইলিয়াস আলীর। ওই সময় গাড়িচালককেও পাওয়া যায়নি। শনিবার তাকে উদ্ধারে গাজীপুরের পূবাইলে র‌্যাব-পুলিশের একটি যৌথ দল অভিযান চালালেও তাতে কোনো ফল হয়নি। ইলিয়াসের স্ত্রী তাহসীনার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়ে ওই অভিযান চালানো হয় বলে জানিয়েছিল র‌্যাব। তবে শনিবার রাতেই র‌্যাবের সঙ্গে কোথাও যাওয়ার কথা অস্বীকার করেন তাহসীনা। ইলিয়াস ‘নিখোঁজ’ হওয়ার পরদিন (বুধবার) বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেন, সরকারের ‘এজেন্সি ও র‌্যাবের লোকজন’ ইলিয়াসকে তুলে নিয়ে গেছে। তবে এ ঘটনাকে ‘নাটক’ হিসাবে অভিহিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপিই এ কাজ করেছে। ‘ হরতাল সফল’ হরতাল ‘সফল’ হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, “হরতাল স্বতঃস্ফূর্ত হয়েছে। জনগণ এই হরতালে আমাদের সমর্থন দিয়েছে।” এ জন্য দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার পক্ষ থেকে দেশবাসী ও নেতা-কর্মীদের অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে সোমবারের হরতাল সফল করার আহ্বানও জানান। রোববারের হরতালে ঢাকাসহ সারাদেশে সাতশ ২৬ জন গ্রেপ্তার এবং ছয়শ ৬৬ জন আহত হয়েছে বলে দাবি করেন তিনি। হরতালের দিন বিএনপি নেতা-কর্মীদের অবরুদ্ধ করে রাখার অভিযোগ এনে ফখরুল বলেন, “র‌্যাব-পুলিশ বেধড়ক পিটিয়েছে। অন্যদিকে পুলিশি পাহারায় আওয়ামী লীগের ক্যাডাররা খণ্ড-খণ্ড মিছিল করেছে। ফুটপাথে বসে তারা হরতালের বিরোধিতা করেছে।” সরকার আপাদমস্তক দুর্নীতিতে ডুবে গেছে বলেও মন্তব্য করেন তিনি। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি, সৌদি দূতাবাস কর্মকর্তাত হত্যাসহ কোনো হত্যাকারীকে খুঁেজ বের করতে পারেনি উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, “তাদের ব্যর্থতার কোনো সীমা নেই।” গত ১১ ফেব্রুয়ারি সকালে রাজধানীর রাজাবাজারে সাগর-রুনির বাসা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। দুষ্কৃতির গুলিতে সৌদি দূতাবাস কর্মকর্তা খুন হন গত মাসে। পুলিশ এখন পর্যন্ত এ দুই ঘটনার কোনোটিরই কূল-কিনারা করতে পারেনি। ‘ইলিয়াস পথের কাঁটা হয়েছিলেন’ বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী প্রসঙ্গে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “আমরা ইলিয়াস আলীকে ফেরত চাই। অবশ্যই তাকে ফেরত দিতে হবে।” “দেশের গণতন্ত্র ও স্থিতিশীলতার স্বার্থের তাকে সুস্থ শরীরে ফিরিয়ে দিয়ে গুম ও হত্যার রাজনীতি বন্ধ করুন,” সরকারের উদ্দেশে বলেন তিনি। ইলিয়াস আলীর ‘গুমের’ বিষয়ে সরাসরি সরকারকে দায়ী করে তিনি বলেন, “সরকারের নিমর্মতার শিকার হয়েছেন ইলিয়াস আলী। ভারতের টিপাইমুখে বাঁধ নির্মাণের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করেছেন বলেই তিনি সরকারের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন। “এজন্যই সরকারের এজেন্সি তাকে নিখোঁজ করেছে বলে আমরা বিশ্বাস করি।” গত ২৭ মাসে ৯৭ জন মানুষ ‘গুম’ ও হত্যা করা হয়েছে বলে দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, “এভাবে ইলিয়াস আলীর মতো নেতাকে গুম করা হবে, আর আমরা মার খেয়ে যাব। তা হতে পারে না। এরকম অবস্থায় আমরা নিবর দর্শকের ভূমিকা পালন করতে পারি না।” “বাধ্য হয়েই আমাদের হরতালের মতো কঠিন কর্মসূচির পথে যেতে হয়েছে,” বলেন মির্জা ফখরুল। ভারতের মনিপুর রাজ্যের টিপাইমুখে বাঁধ নির্মাণে একটি চুক্তির খবর গতবছরের শেষ দিকে প্রকাশ হলে বাংলাদেশে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। এর আগেও ভারতের এ উদ্যোগের তীব্র সমালোচনা হয়েছিল বাংলাদেশে। সিলেটে ইলিয়াস আলীর নির্বাচনী এলাকা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুর সংলগ্ন। টিপাইমুখে বাঁধ হলে সিলেটে এর বিরূপ প্রভাব পড়বে বলে পরিবেশবিদরা বলে আসছেন। মনিপুর রাজ্যেও এ বাঁধ নির্মাণের বিরোধিতা রয়েছে। নয়া পল্টনে দলীয় কার্যালয়ে ব্রিফিঙে অন্যদের মধ্যে বিএনপির সহসভাপতি সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, শাহ আবু জাফর, সিরাজুল হক, কেন্দ্রীয় নেতা সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, মুস্তাফিজুর রহমান বাবুল, কায়সার কামাল, বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯৪৯ ঘ.