২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুরঞ্জিতের ছেলেকে দুদকের চিঠি

সৌমেন সেনগুপ্তকে পাঠানো চিঠিতে তাকে আগামী ২৬ এপ্রিল কমিশনে গিয়ে বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিতে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2012, 11:43 AM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনগুপ্ত টেলিকম এবং তাদের অন্যান্য সম্পদের উৎস জানতে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ছেলে সৌমেন সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন। রোববার সৌমেনকে পাঠানো চিঠিতে আগামী ২৬ এপ্রিল সকাল ১১টায় কমিশনে গিয়ে বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিতে বলা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের কমিশনার মুহাম্মদ সাহাবুদ্দিন চুপপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান। দুই সপ্তাহ আগে ব্যক্তিগত সহকারীর গাড়িতে বিপুল পরিমাণ টাকা পাওয়ার খবর প্রকাশের পর চাপে পড়ে রেলমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি নেন সুরঞ্জিত। অবশ্য এরপর তাকে দপ্তরবিহীন মন্ত্রী হিসাবে নিয়োগ দেয় সরকার। তখন সুরঞ্জিতের ছেলের সম্পদের উৎস খতিয়ে দেখার দাবিও ওঠে বিভিন্ন মহল থেকে। সৌমেন স¤প্রতি টেলিকম খাতে লাইসেন্স নিয়েছেন, যা নিতে ৫ কোটি টাকা জামানত দিতে হয়। এরপর সৌমেনের সম্পদের বিষয় অনুসন্ধান করতে দুদকের উপ-পরিচালক এস এম এম আখতার হামিদ ভূইঞাঁ ও সহকারী পরিচালক মনিরুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়। গত বৃহস্পতিবার ‘সেনগুপ্ত টেলিকমের’ বিষয়ে তথ্য চেয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে চিঠি পাঠায় দুদক। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), টেলিযোগাযোগ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দেওয়া ওই চিঠিতে ‘সেনগুপ্ত টেলিকমের’ জন্য দেওয়া লাইসেন্স ফির পাঁচ কোটি টাকার উৎস সম্পর্কে জানতে চাওয়া হয়। গত ১২ এপ্রিল ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ), ইন্টারকানেকশন এক্সচেঞ্জে (আইসিএক্স) ও ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের (আইআইজি) জন্য ৭৮টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয় বিটিআরসি। এর মধ্যে একটি আইসিএক্স লাইসেন্স পান সৌমেন সেনগুপ্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএমআর/এমআই/পিডি/২০০৭ ঘ.