ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ডাকা দেশব্যাপী রোববারের হরতালের সমর্থনে বিভিন্ন জেলায় বিক্ষোভ-মিছিল করেছেন দলের নেতাকর্মীরা।
শনিবার এসব কর্মসূচি পালনকালে বিভিন্ন স্থানে ভাংচুর ও সংঘর্ষ হয়েছে। শুক্র ও শনিবার বিএনপি ও অঙ্গ সংগঠনের বেশকিছু নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
মাগুরা: দুপুরে বিএনপিকর্মীরা মাগুরা শহরে মিছিল বের করলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ৫ রাউন্ড সর্টগানের গুলি এবং এক রাউন্ড টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করেছে।
মাগুরা সদর থানার এসআই মিজানুর রহমান জানান, শহরের পুরাতন বাজার এলাকা থেকে মিছিলকারীরা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়। এরপর পুলিশ গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে।
এ ঘটনায় শহরতলীর ভিটাসাইর এলাকার সজিব নামে এক ছাত্রদল কর্মীকে আটক করেছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
সিলেট: সিলেটে বিকাল ৫টার দিকে স্বেচ্ছাসেবকদলের কর্মীরা বন্দরবাজারে মিছিল করে এবং ৪/৫টি গাড়ি ভাংচুর করেছে।
ফরিদপুর: পুলিশের ধাওয়ায় পণ্ড হয়ে গেছে হরতালের সমর্থনে স্বেচ্ছাসেবক দলের লাঠি মিছিল। কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের জাহাঙ্গীর আলম সাত্তার (৩০) নামে এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জামালপুর: মেলান্দহ উপজেলায় দুপুরে হরতালের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ হয়। এতে বিএনপির ১৫ নেতাকর্মী আহত হয়েছে বলে জানান মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।
মেলান্দহ থানার ওসি বিল্লাল উদ্দিন জানান, মিছিল থেকে উস্কানিমূলক স্লোগান দেওয়ায় পুলিশ ধাওয়া করে।
পটুয়াখালী: সকাল ১১টায় জেলা শহরের শেরে বাংলা সড়কের বটতলায় সমাবেশ শেষে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিপেটায় অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন।
কিশোরগঞ্জ: শুক্রবার রাতে সদর মডেল থানা পুলিশ তিনজনকে এবং হোসেনপুর থানা পুলিশ দুইজন বিএনপিকর্মীকে গ্রেপ্তার করেছে। শনিবার সকালে পাকুন্দিয়ায় বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।
সদর মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, আসামিরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
পাকুন্দিয়া থানার ওসি আমজাদ হোসেন বলেন, পাকুন্দিয়া উপজেলা সদরে সকালে মিছিল করতে গিয়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। পুলিশ ৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এতে ৩০ বিএনপি নেতাকর্মী ও দুই পুলিশ সদস্য আহত হয়। বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজবাড়ী: পাংশা থানা পুলিশ শুক্রবার রাতে পাংশা পৌর যুবদল ও পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
পাংশা থানার এসআই আকবর হোসেন জানান, ২০০৮ সালে একটি হত্যা মামলা ও একটি মারামারির মামলা আসামি তারা।
মাদারীপুর: কালকিনি থানার ওসি একেএম শাহিন মণ্ডল জানান, সকালে উপজেলা চত্বরে বিএনপি’র মিছিল চলাকালে বিশৃংখলা সৃষ্টির অভিযোগে উপজেলা ছাত্রদল সভাপতিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নেত্রকোনা: পুলিশি বাধায় নেত্রকোনায় মিছিল করতে পারেনি বিএনপি। তবে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছে তারা।
বরগুনা: হরতালের সমর্থনে বিএনপির লাঠি মিছিলে বিকালে শ্রমিক লীগ ও ছাত্রলীগকর্মীরা হামলা চালালে সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হয়েছে। এরমধ্যে পাথরঘাটা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকও রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২২২৫ ঘ.
bdnews24