২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের সমর্থনে চট্টগ্রামে মিছিল-সমাবেশ

ইলিয়াস আলী নিখোঁজের ঘটনায় বিএনপি’র ডাকা রোববারের হরতালের সমর্থনে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় মিছিল-সমাবেশ করেছে দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2012, 04:12 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

চট্টগ্রাম, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলিয়াস আলী নিখোঁজের ঘটনায় বিএনপি’র ডাকা রোববারের হরতালের সমর্থনে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় মিছিল-সমাবেশ করেছে দলটি। শনিবার কেন্দ্রীয় ও মহানগর নেতারা বিভিন্ন এলাকায় এসব সমাবেশ ও মিছিলে অংশ নেন। বিকালে দেওয়ান হাট মোড়ে ডবলমুরিং থানা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী নির্বাচনে ব্যাপক ভরাডুবি হবে জানতে পেরে সরকার এ গুমের রাজনীতিতে মেতেছে। ডবলমুরিং থানা বিএনপি সভাপতি এস এম সাইফুল আলমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা মাহবুবুর রহমান শামীম, আবুল হাশেম বক্কর প্রমুখ। এরপর হরতালের সমর্থনে একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নয়াবাজারে হালিশহর থানা বিএনপি’র সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, বিএনপি নেতা এএম নাজিম উদ্দিন, আনোয়ার হোসাইন, এম এ সবুর প্রমুখ। বহদ্দারহাট মোড়ে হরতালের সমর্থনে চান্দগাঁও থানা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। থানা বিএনপি সভাপতি নাজিমুদ্দিন আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম. মোরশেদ খান। সমাবেশে বক্তারা সরকারের প্রতি ইলিয়াস আলীর হদিস দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় সরকার পতনের একদফা আন্দোলন চট্টগ্রাম থেকে শুরু হবে। সমাবেশ শেষে হরতালের সমর্থনে একটি মিছিল বহদ্দারহাট থেকে মুরাদপুরে গিয়ে শেষ হয়। নাসিমন ভবনের সামনে হরতালের সমর্থনে মিছিল সমাবেশ করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/২২০৩ ঘ.