২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হরতালে বাধা দিলে দায় সরকারের’

বিএনপি রোববারের হরতাল শান্তিপূর্ণভাবে শেষ করতে চায় উল্লেখ করে দলটির নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এতে বাধা দেওয়া হলে যে পরিস্থিতি সৃষ্টি হবে তার দায় সরকারকেই নিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2012, 09:18 AM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি রোববারের হরতাল শান্তিপূর্ণভাবে শেষ করতে চায় উল্লেখ করে দলটির নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এতে বাধা দেওয়া হলে যে পরিস্থিতি সৃষ্টি হবে তার দায় সরকারকেই নিতে হবে। শনিবার দুপুরে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ বলেন, “আমরা অতীতে সবগুলো কর্মসূচি শান্তিপূর্ণভাবে করেছি। রোববারের হরতাল কর্মসূচিও হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। তাই এ কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হলে যে পরিস্থিতির সৃষ্টি হবে, তার দায়ভার সরকারকেই বহন করতে হবে।” দলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে ‘গুম’ করার প্রতিবাদে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। গত মঙ্গলবার রাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপির সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার। পলিশ তার গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করলেও সাবেক সাংসদ ইলিয়াসের খোঁজ পায়নি তিন দিনেও। জাতীয় প্রেসক্লাবের জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে ‘বিচারবর্হিভূত হত্যাকাণ্ড আইনের শাসনের জন্য হুমকি’ শীর্ষক এই আলোচনা সভায় মোশাররফ হোসেন আরো বলেন, “ইলিয়াস আলী ও তার চালককে সরকার গুম করেছে। প্রতিনিয়ত এরকম গুম ও নিখোঁজ ঘটনা ঘটে চলেছে। বিচারবর্হিভূতভাবে বিরোধী রাজনৈতিক কর্মীকে হত্যা করা হচ্ছে।” “কেবল তাই নয়, রেলমন্ত্রীর এপিএস এর গাড়ির চালকও ঘুষ কেলেঙ্কারির ঘটনার পর থেকে নিখোঁজ হয়েছে। আমরা ওই চালককে খুঁজে বের করার দাবি জানাচ্ছি”, যোগ করেন তিনি। ইলিয়াস আলীকে অনতিবিলম্বে ফেরত দেওয়ার দাবিতে তার দলের আন্দোলন ধারাবাহিকভাবে চলবে উল্লেখ কওে মোশাররফ বলেন, সরকার যদি ভেবে থাকে গুম করে আন্দোলন দমানো যাবে, তাহলে তারা ভুল করবে। সংগঠনের সভাপতি এম এম মেহবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে দলের শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৫০৯ ঘ.