২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেতাকর্মীদের নামে মামলায় বিএনপির নিন্দা

ইলিয়াস আলীর ‘অন্তর্ধান’ নিয়ে রাজধানীতে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়েরের নিন্দা জানিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2012, 02:39 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলিয়াস আলীর ‘অন্তর্ধান’ নিয়ে রাজধানীতে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়েরের নিন্দা জানিয়েছে বিএনপি। শুক্রবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নিন্দা জানানোর পাশাপাশি মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। বিএনপি নেতা ফখরুল বলেন, “দলের নেতাকর্মীদের নামে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের সরকারের এক ধরনের কার্যপ্রণালীতে পরিণত হয়েছে।” ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ নিয়ে রাজধানীর নয়া পল্টনে বৃহস্পতিবার পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পল্টন থানায় দুটি মামলায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সভাপতিসহ প্রায় পাঁচ হাজার নেতাকর্মীকে আসামি করা হয়। বিবৃতিতে বলা হয়, ‘সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে সরকার কর্তৃক গুম করার ঘটনায় দলের আন্দোলন কর্মসূচিতে বাধা প্রদানের উদ্দেশ্যে যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলীম, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরবসহ অজ্ঞাতপরিচয় পাঁচ সহস্রাধিক নেতাকর্মীর নামে পল্টন থানায় মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।’ ভারপ্রাপ্ত মহাসচিব অবিলম্বে এম ইলিয়াস আলীর গুমের ঘটনায় নেতাকর্মীদের নামে পল্টন থানায় দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। এ ছাড়া শুক্রবার ঝালকাঠীতে মিছিলে হামলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণসহ মাগুরা জেলা কার্যালয় ভাঙচুরকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং হবিগঞ্জে নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/২০৩১ ঘ.