বরিশাল, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশালের বানারীপাড়া পৌর আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকর্মীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার ডাকবাংলো মিলনায়তনে উপজেলা ও পৌর আওয়ামী লীগের যৌথসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কার হয়েছেন পৌর শাখার যুগ্ম আহবায়ক মশিউর রহমান কামাল, সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন মল্লিক, কর্মী মোহসিন ও ফারুক।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার দলের বর্ধিত সভায় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে উদ্ধত আচরণ এবং শিয়ালকাঠী ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ওরফে শাহেব আলীকে মারধর করায় তাদের বহিষ্কার করা হয়।
তিনি বলেন, কেন তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।
এছাড়া শাহেব আলীকে সর্তক করে নোটিশ দেওয়া হয়েছে বলেও গোলাম ফারুক জানান।
বহি®কৃত মশিউর রহমান কামাল বলেন, “বহিষ্কারের খবর আমি পাইনি। তাবে কারণ দর্শাতে বলা হয়েছে বলে শুনেছি।”
আরেক বহি®কৃত মনির মল্লিক বলেন, “যে ঘটনা নিয়ে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে ঘটনার সঙ্গে আমি জড়িত নই। আমি ঘটনার শিকার হয়েছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০৪ ঘ.
bdnews24