২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইলিয়াসকে গুমের দায়ে একদিন বিচার হবে’

বিএনপির ‘নিখোঁজ’ নেতা ইলিয়াস আলীকে ‘ফেরত না দিলে’ বর্তমান সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলারও হুমকি দিয়েছে দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2012, 08:24 AM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ‘নিখোঁজ’ নেতা ইলিয়াস আলীকে ‘ফেরত না দিলে’ বর্তমান সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। শুক্রবার সকালে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, “সরকারকে বলব, ইলিয়াস আলীকে ফেরত দিন। অন্যথায় সরকার পতনে আন্দোলন শুরু হবে।” “ইলিয়াস আলীকে গুমের দায়ে একদিন বর্তমান প্রধানমন্ত্রী ও তার সরকারকে বিচারের মুখোমুখি করানো হবে”, যোগ করেন তিনি। বুধবার রাত দেড়টার দিকে মহাখালীর আমতলী সংলগ্ন একটি গলিতে বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর গাড়ি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। ওই সময় থেকেই ইলিয়াস ও তার গাড়ির চালক আনসার নিখোঁজ রয়েছে বলে পরিবারের অভিযোগ। সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরাই সাবেক সাংসদ ইলিয়াসকে ‘গুম’ করেছে- এমন অভিযোগ এনে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। এই সাবেক সাংসদকে খুঁজে বের করার দাবিতেই বিএনপিপন্থী সংগঠন ‘স্বাধীনতা ফোরাম’ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে। পরে একটি বিক্ষোভ মিছিল কদম ফোয়ারা ঘুরে আবার প্রেসক্লাবে এসে শেষ হয়। ইলিয়াস আলীকে সরকারই ‘গুম’ করেছে অভিযোগ করে এম কে আনোয়ার বলেন, “এভাবে ভয় দেখিয়ে লাভ হবে না। ইলিয়াস আলীকে সুস্থ শরীরে ফিরিয়ে না দিলে তার পরিণতি শুভ হবে না।” সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে অন্যদের মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির যুগ্ম মহাসচিব সাহাদাৎ হোসেন সেলিম, নাগরিক ফোরামের সভাপতি খালেদা ইয়াসমীন, হৃদয়ে বাংলাদেশের সভাপতি মো. হানিফ মানববন্ধনে বক্তব্য দেন। ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনায় একই সময়ে সম্মিলিত পেশা পরিষদ জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা মানবন্ধন করে। এই কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “সিলেটে ইতোমধ্যে ছাত্রদলের দুই জনকে গুম করা হয়েছে। সর্বশেষ ইলিয়াস আলীকে গুম করা হলো। এভাবে প্রতিনিয়ত গুম ও হত্যা চলছে। মানুষের জীবনে নিরাপত্তা বলে কিছু নেই।” এই বিএনপি নেতাকে অক্ষত অবস্থায় ‘ফিরিয়ে না দিলে’ সরকারকেই ‘চলে যেতে হবে’ হবে বলে হুঁশিয়ার করেন নজরুল। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, “এখন স্বেচ্ছায় যাবেন, না আন্দোলনে যাবেন- তা ঠিক করুন।” পেশাজীবী পরিষদের সদস্য সচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের পরিচালনায় এ কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ইউসুফ হায়দার, প্রকৌশলী আ ন হ আখতার হোসেন মানববন্ধনে বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৪১৫ ঘ.