২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইলিয়াসকে খোঁজা হচ্ছে, হরতাল তুলে নিন’

বিএনপির ডাকা রোববারের হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, সরকার এম ইলিয়াস আলীকে খুঁজে বের করার চেষ্টায় কোনো ত্রুটি করছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2012, 05:51 AM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ডাকা রোববারের হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, সরকার এম ইলিয়াস আলীকে খুঁজে বের করার চেষ্টায় কোনো ত্রুটি করছে না। শুক্রবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে বৈশাখী মেলার উদ্বোধন করে মন্ত্রী সাংবাদিকদের সামনে বলেনন, “বিরোধী দলকে আমরা হরতাল প্রত্যাহারের আহ্বান জানাই। কারণ আমাদের সরকার ইলিয়াস আলীকে খোঁজার সর্বাত্মক চেষ্টা করছে।” বুধবার রাত দেড়টার দিকে মহাখালীর আমতলী সংলগ্ন একটি গলিতে বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর গাড়ি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। ওই সময় থেকেই ইলিয়াস ও তার গাড়ির চালক আনসার নিখোঁজ রয়েছে বলে পরিবারের অভিযোগ। সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরাই সাবেক সাংসদ ইলিয়াসকে ‘গুম’ করেছে- এমন অভিযোগ এনে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। শিগগিরই ইলিয়াসকে খুঁজে বের করা সম্ভব হবে কি না- এমন প্রশ্নের জবাবে সাহারা খাতুন বলেন, “আমরা চেষ্টার কোনো ত্র“টি করছি না।” ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বুধবার এক রিট আবেদনে অভিযোগ করেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইলিয়াসকে ‘গ্রেপ্তার’ করেও আদালতে হাজির করছে না। তার ওই আবেদনের প্রেক্ষিতে ইলিয়াস আলীকে আদালতে হাজির করার নির্দেশ কেন দেওয়া হবে না- তা জানতে চেয়েছে হাই কোর্ট। সরকারকে ১০ দিনের মধ্যে এর কারণ জানাতে বলা হয়েছে। অবশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনুষ্ঠানে বলেছেন, ইলিয়াস নিখোঁজের এই ঘটনা বিএনপির ‘নাটক’। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/২৩৩৫ ঘ.