ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার হটানোর আন্দোলন বেগবান করতে গঠিত বিএনপি নেতৃত্বাধীন ‘১৮ দলীয় জোট’ এর প্রথম বৈঠক ডেকেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় এই বৈঠক হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তার প্রেসসচিব মারুফ কামাল খান।
তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার বিষয় নিয়ে আলোচনা করতে এই বৈঠক ডাকা হয়েছে।
বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে ‘১৮ দলীয় জোট’ এর ঘোষণাপত্র প্রকাশ করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
এই জোটে বিএনপির শরিক হিসাবে রয়েছে চার দলের জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ জাতীয় পার্টি, খেলাফত মজলিশ, জমিয়তে উলামায়ে ইসলাম। আর নতুন যোগ হয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), কল্যাণ পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বাংলাদেশ লেবার পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), বাংলাদেশ ন্যাপ, মুসলিম লীগ, ইসলামিক পার্টি, ন্যাপ ভাসানী, ডেমোক্রেটিক লীগ (ডিএল) ও পিপলস লীগ।
১৯৯৯ সালের ৩০ নভেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনের গড়ে তুলতে বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট গঠন করা হয়। এর একযুগ পর মাথায় গত ১২ মার্চ ঢাকার মহাসমাবেশ থেকে জোট স¤প্রসারণে আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/সিএস/আরএ/১৩১৭ ঘ.
bdnews24