২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইলিয়াস আলীর ঘটনায় সরকার বিব্রত’

বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর আলোচনার পর সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2012, 06:37 AM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ হওয়ার ঘটনায় সরকার ‘বিব্রত’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সব গোয়েন্দা সংস্থা ইলিয়াসের খোঁজ জানার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ হওয়ার ঘটনায় বিএনপির ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী টুকু। তিনি বলেন, “ইলিয়াস আলীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা সরকারের জন্য বিব্রতকর। আমরা ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সব বিভাগকে এ বিষয়ে নির্দেশ দিয়েছি। তাকে খুঁজে বের করতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।” প্রধানমন্ত্রীর নির্দেশেই স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার রাতে ইলিয়াস আলীর পরিবারের সঙ্গে দেখা করেন বলেও উল্লেখ করেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিগত বিএনপি সরকারের আমলে চট্টগ্রামের ব্যবসায়ী জামালউদ্দিনের ‘গুম হওয়ার’ প্রসঙ্গ টানেন টুকু। তিনি বলেন, “তাকে খুঁজে বের করতে পারেনি। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ওই ব্যবসায়ীর হাড়-গোড় উদ্ধার করেছিলাম। এসব কথা আমি বলতে চাই না। তবে ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনায় সরকার বিব্রত।” তিনি জানান, ইলিয়াসের নিখোঁজের ঘটনায় যাতে দেশে ‘কোনো ধরনের নৈরাজ্য’ সৃষ্টি না হয়- সে দিকে বিএনপি নেতাদের দৃষ্টি রাখার অনুরোধ জানানো হয়েছে। রাজধানীর বনানী থানা পুলিশ মঙ্গলবার রাত দেড়টার দিকে মহাখালী এলাকা থেকে সাবেক সাংসদ ইলিয়াস আলীর গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। ওই সময় থেকেই তিনি নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। এরপর ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও সাংগঠনিক সম্পাদকের সন্ধান না পেয়ে বিএনপি অভিযোগ করেছে, তাকে ‘গুম’ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ৪০ মিনিটের আলোচনা শেষে বেরিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, “আমরা মন্ত্রীকে বলেছি, ইলিয়াস আলীকে সরকারের লোকজন তুলে নিয়ে গেছে। একটি সিক্রেট গ্রুপ, যার সঙ্গে সরকারের লোকজন জড়িত রয়েছে, তারাই এভাবে প্রতিনিয়ত মানুষকে গুম করার কাজ করছে।” ইলিয়াসকে অবিলম্বে তার পরিবারের কাছে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দিয়েছেন বলে জানান তিনি। ফখরুল বলেন, “আমরা বিশ্বাস করি, সরকার চাইলে ইলিয়াস আলীকে খুঁজে বের করতে পারবে।” বৈঠকে মন্ত্রী এ বিষয়ে আশ্বস্ত করেছেন বলেও এই বিএনপি নেতা উল্লেখ করেন। ফখরুলের নেতৃত্বে বিএনপির এই প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, নজরুল ইসলাম খান, আসম হান্নান শাহ, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও সংসদ সদস্য শাম্মি আখতার। এছাড়া স্বরাষ্ট্র সচিব সি কিউ কে মুশতাক আহমেদও আলোচনায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/১৩৪০ ঘ.