২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুরঞ্জিতকে ডেকে কথা বললেন প্রধানমন্ত্রী

ব্যক্তিগত সহকারীকে নিয়ে ‘অর্থ কেলেঙ্কারির’ পর উদ্ভূত পরিস্থিতিতে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে ডেকে নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2012, 04:41 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যক্তিগত সহকারীকে নিয়ে ‘অর্থ কেলেঙ্কারির’ পর উদ্ভূত পরিস্থিতিতে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে ডেকে নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার তলবে রোববার রাত ৯টার আগে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে পৌঁছান সুরঞ্জিত। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে রাত ১০টার কিছু আগে গণভবনে ফেরেন প্রধানমন্ত্রী। গণভবনের সূত্রের বরাত দিয়ে ভবনের বাইরে থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিবেদক সুমন মাহবুব জানান, প্রধানমন্ত্রী সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করতে বঙ্গভবন যান। সেখান থেকেই প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত কর্মকর্তাদের সুরঞ্জিত সেনগুপ্তকে গণভবনে ডেকে পাঠানোর নির্দেশ দেন। সুমন বলেন, “প্রধানমন্ত্রীর এই নির্দেশ পেয়েই রেল মন্ত্রী রাত ৯টার আগেই গণভবনে আসেন। গণভবনে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখরের কক্ষে অপেক্ষা করতে থাকেন।” প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে রাত ১০টা ১৫ মিনিটে একটি কালো গাড়িতে চড়ে গণভবন ছেড়ে যান রেলমন্ত্রী। গাড়িতে তখনো মন্ত্রীর পতাকা উড়ছিল। প্রধানমন্ত্রীর কার্যালয় ছেড়ে যাওয়ার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সংসদ বিষয়ক প্রতিবেদক মঈনুল হক চৌধুরীকে মোবাইল ফোনে রেলমন্ত্রী সুরঞ্জিত বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি।” তার একান্ত সচিব মো. আক্তারুজ্জামান পরে বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বেলা ১২টায় রেলভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন মন্ত্রী। এদিকে এপিএস ওমর ফারুক তালুকদারের ‘অর্থ কেলেঙ্কারির’ পর উদ্ভূত পরিস্থিতিতে সুরঞ্জিতকে প্রধানমন্ত্রীর তলবে জল্পনা-কল্পনা সৃষ্টি হয়। মন্ত্রী বা সম-পদমর্যাদার ব্যক্তিদের সশস্ত্র নিরাপত্তা রক্ষী গণভবনের বাইরে অভ্যর্থনা কক্ষেই অপেক্ষা করেন। সুরঞ্জিতের জন্য পুলিশের বিশেষ শাখার গানম্যান গণভবনের বাইরে অভ্যর্থনা কক্ষেই অবস্থান করছিলেন। তবে, সুরঞ্জিত গণভবন থেকে যখন বের হন তখন গাড়ি থামিয়ে তার গানম্যানকে তোলেননি। এ সময় গণভবনের বাইরে কয়েকজন সাংবাদিক দাঁড়িয়ে ছিলেন। পরে, সুরঞ্জিতের অপেক্ষমাণ ব্যক্তিগত কর্মকর্তাদের সঙ্গে ‘সাংসদ’ স্টিকার আঁটা পৃথক গাড়িতে চড়ে গানম্যান সুরঞ্জিতের পিছু নেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ রাত ১০টা ৫০ মিনিটে জানান, সুরঞ্জিত সেনগুপ্ত প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে গণভবন থেকে বেরিয়ে গেছেন। তিন দিনের তুরস্ক সফর শেষে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেরার সময় বিমানবন্দরে ছিলেন না সুরঞ্জিত। এর পর শেখ হাসিনার নববর্ষের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানেও দেখা যায়নি তাকে। দেশে ফেরার পর বিকালে বাংলা নববর্ষ উপলক্ষে গণভবনে দলীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সেখানেও দেখা যায়নি দলের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিতকে। গত ৯ এপ্রিল রাতে সুরঞ্জিতের এপিএস ওমর ফারুক তালুকদারের গাড়িতে বিপুল পরিমাণ অর্থ পাওয়ার ঘটনা প্রকাশ হওয়ার পর থেকে তা নিয়ে শোরগোল চলছে। বিএনপিসহ বিভিন্ন দল থেকে সুরঞ্জিতের পদত্যাগের দাবি উঠলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ এ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে ঘটনাটি ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন দলের নেতা মাহাবুব-উল আলম হানিফ। রেলমন্ত্রীর পদত্যাগে বিএনপির সংসদীয় দল রোববারই ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয়। অবশ্য এর জবাবে সুরঞ্জিত বলেছেন, বিরোধী দল তাকে মন্ত্রীর পদ দেয়নি; তাই তাদের কথায় তিনি পদত্যাগ করবেন না। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত গত ২৮ নভেম্বর রেলমন্ত্রী হিসাবে শপথ নেন। স্বাধীনতার পর থেকে অধিকাংশ সংসদে প্রতিনিধিত্বকারী সুরঞ্জিতের এটাই প্রথম মন্ত্রিত্ব। শেখ হাসিনার গত সরকারে তিনি মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা ছিলেন। দেড় দশক আগে আওয়ামী লীগে যোগ দেওয়া সুরঞ্জিত দেশের প্রথম সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন। পঞ্চদশ সংবিধান সংশোধন কমিটির কো-চেয়ারম্যানও ছিলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/পিডি/২৩১৪ ঘ.