২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র পদে মনোনয়নপত্র নিলেন মায়া-ফিরোজ

ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) দুই অংশে মেয়র নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপির তিন নেতাসহ আরো আট জন মনোনয়নপত্র নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2012, 01:14 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) দুই অংশে মেয়র নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপির তিন নেতাসহ আরো আট জন মনোনয়নপত্র নিয়েছেন। উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং দক্ষিণে জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদ ও বিএনপির সালাউদ্দিন আহমেদসহ আট জন মনোনয়নপত্র নেন রোববার। তারা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র নেন। ডিসিসি’র দুই ভাগে এ নিয়ে মেয়র পদে ২৩টি এবং কাউন্সিলর পদে ১৩৪২টি মনেনানয়নপত্র বিতরণ করা হয়েছে। গত ৯ এপ্রিল ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৯ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। আগামী ২৪ মে ডিসিসি’র দুইভাগে ভোট হবে। রোববার সকালে ডিসিসি উত্তরে আচরণবিধি উপেক্ষা করে মনোনয়নপত্র সংগ্রহের অভিযোগ ওঠে মায়ার বিরুদ্ধে। তার সঙ্গে আওয়ামী লীগের পাঁচ সাংসদসহ বেশ কিছু নেতাকর্মী ছিলেন। এ বিষয়ে রিটানিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ বলেন, “আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। গণমাধ্যমে তা ভিডিও ধারণ করা হয়েছে।” আইন অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। ডিসিসি উত্তরের সহকারী রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন জানান, বাহাউদ্দিন আহমেদ ও আজহারুল হক নামে আরো দুই জন মেয়রপদে মনোনয়ন নিয়েছেন। এ নিয়ে উত্তরে মেয়র পদে ১১টি, সাধারণ কাউন্সিলর পদে ৫০৮ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৫০৮টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। ডিসিসি দক্ষিণের সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলুল রহমান জানান, বিকালে মোমিনুল ইসলাম মেহেদী, শাহে আলম ও ড. তুহিন মালিক নামে আরো তিন জন মনোনয়ন নিয়েছেন। এ পর্যন্ত দক্ষিণে মেয়র পদে ১২টি, সাধারণ পদে ৬২৭টি ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০৯টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৯১৪ ঘ.