২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের দুর্নীতি এখন প্রকাশ্য: আমীর খসরু

রেলমন্ত্রীর এপিএসের অর্থ কেলেঙ্কারির ঘটনা সরকারের ‘দুর্নীতি পরায়ণতার’ নজির বলে দাবি করেছেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2012, 04:06 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেলমন্ত্রীর এপিএসের অর্থ কেলেঙ্কারির ঘটনা সরকারের ‘দুর্নীতি পরায়ণতার’ নজির বলে দাবি করেছেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার এক আলোচনা সভায় তিনি বলেছেন, “পরিস্থিতি এমন পর্যায় পৌঁছেছে যে এত দুর্নীতিবাজকে পুলিশের গ্রেপ্তার করা সম্ভব নয়। সেক্ষেত্রে দুর্নীতিবাজদের সিটিজেন অ্যারেস্ট ছাড়া অন্য কোনো বিকল্প পথ নেই।” “পশ্চিমা গণতান্ত্রিক দেশে কোনো মানুষ খারাপ কাজ করলে এরকম সিটিজেন অ্যারেস্টের নজির রয়েছে,” বলেন তিনি। জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মটর চালক দলের ১২ দফা দাবির সমর্থনে আয়োজিত ওই সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নেতৃত্বে সরকারবিরোধী আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত হওয়ার আহ্বানও জানান। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “রাজনীতিবিদদের সম্মানে সুরঞ্জিত সেনগুপ্ত পদত্যাগ করলে ভালো হতো, তিনি তা করেননি। হয়ত দেখা যাবে, প্রধানমন্ত্রী দেশে ফেরার পর এই ঘটনা চাপা পড়ে গেছে। একইভাবে সরকার সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড চাপা দিয়ে দিয়েছে।” আয়োজক সংগঠনের আহ্বায়ক সেলিম রেজা বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সহসভাপতি সেলিমা রহমান, সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২২০৬ ঘ.