ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিকি কর্পোরেশন নির্বাচনের আগাম প্রচারমূলক সব ধরনের চিহ্ন সরানো হয়েছে কি না- তা তদারকিতে বৃহস্পতিবার থেকে মহানগরীতে বিশেষ অভিযানে নামছেন নির্বাচন কর্মকর্তারা।
এর আগে বুধবার রাত ১২টার মধ্যে আগাম প্রচারমূলক সব ধরনের পোস্টার ও ব্যানার সরানো এবং দেওয়াল লিখন মুছে ফেলার নির্দেশ দেয় নির্বাচন কমিশন।
ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) উত্তর ও দক্ষিণের কয়েকজন সহকারী রিটার্নিং কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগাম প্রচারণামূলক সব চিহ্ন সরিয়ে ফেলা হয়েছে কি না তা তদারকি করতে রাতেই একটি দলকে ডিসিসি পরিদর্শনে যাওয়ার নির্দেশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ বলেন, “যারা নির্ধারিত সময়ের মধ্যে পোস্টার-ব্যানার সরিয়ে ফেলেননি, বৃহস্পতিবার পুলিশ ও প্রশাসনকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হবে।”
তিনি বলেন, রাত ১২টার পর কারো পোস্টার-বিলবোর্ড দেখা গেলে তাকেই এর দায় নিতে হবে।
এই নির্দেশ অমান্য করলে আচরণবিধি লঙ্ঘনের দায়ে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা হতে পারে। এছাড়া নির্বাচন আইন লঙ্ঘনের দায়ে প্রার্থিতাও বাতিল করতে পারে নির্বাচন কমিশন।
তফসিল অনুযায়ী, আগামী ২৪ মে ঢাকার দুই সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ হবে। ১৯ এপ্রিলের মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করতে হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২ মে।
মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিন বুধবার গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে ডিসিসি দক্ষিণের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মেয়র পদের মনোনয়নপত্র নেন ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকন।
এদিন বিকাল পর্যন্ত এ কার্যালয় থেকে সাধারণ কাউন্সিলর পদে ১৩২ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
নির্বাচন কমিশনের উপসচিব ও নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউটের মহাপরিচালক খোন্দকার মিজানুর রহমান ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
ডিসিসি উত্তরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিএনপির সাবেক সাংসদ এস এ খালেক এবং বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহমেদের ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী মেয়র পদে মনোনয়নপত্র নিয়েছেন।
এছাড়া সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদের জন্য এই কার্যালয় থেকে অন্তত ৫০টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে।
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, আইন লঙ্ঘনের জন্য নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নেবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএইচ/এমআই/০০৪৫ ঘ.
bdnews24