ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে দলীয় সমর্থন পেতে অনেকে আগ্রহী হলেও আওয়ামী লীগ একক প্রার্থীর বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে।
বুধবার ধানমণ্ডিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর ঢাকা মহানগরীর একাধিক আওয়ামী লীগ সংসদ সদস্য দলের এই অবস্থানের কথা জানান।
সরাসরি একক প্রার্থীর কথা না বললেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আশাকরি, এই নির্বাচনে একাধিক প্রার্থী হলে স্থানীয়ভাবে নিজেরাই মীমাংসা করে নেবেন।”
বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের এক সংসদ সদস্য নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈঠকে মূলত মেয়র এবং কাউন্সিলর পদে একক প্রার্থীর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
মঙ্গলবার রাতে গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ এবং সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা শেখ হাসিনার সঙ্গে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আলোচনা করেন।
“সভানেত্রী একক প্রার্থীর ওপর জোর দিয়েছেন। তার সেই বার্তা বুধবার পৌঁছে দেওয়া হয়,” বলেন ওই সংসদ সদস্য।
ঢাকা মহানগরীর দুই সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর বুধবার থেকে ধারাবাহিক বৈঠক শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
বৃহস্পতিবার ঢাকা উত্তর এবং শুক্রবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত সব থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ওই এলাকায় বসবাসকারী কেন্দ্রীয় নেতা এবং সংসদ সদস্যদের যৌথসভা হবে।
দুই সিটি কর্পোরেশনে মেয়র পদে একাধিক নেতার প্রচার চালানোর বিষয়ে প্রশ্ন করা হলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “আওয়ামী লীগ কাউকে সমর্থন দিলে, প্রকাশ্যেই দেবে। আপনাদের (সাংবাদিক) ডেকে জানাব।”
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার বিষয়টি নির্বাচনী আইনে না থাকার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “আমরা আইনের কাছে বাধা। স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হয় না। দলগতভাবে প্রার্থী দেওয়ার কোনো উপায় নেই। আমরা শুধু সমর্থন করতে পারি।”
ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ‘চমক দেখাবে’ বলে বিএনপি নেতাদের বক্তব্যের বিষয়ে আশরাফ বলেন, “রাজনীতিতে চমক বলে কিছু নেই। রাজনীতিতে দলের যখন যা দরকার, সে সিদ্ধান্ত নেওয়া হবে।”
আওয়ামী লীগের পক্ষ থেকে কাউকে সমর্থনের বিষয়টি প্রধানমন্ত্রী দেশে ফেরার পর দলের পার্লামেন্টারি বোর্ডের বৈঠক থেকেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
বর্তমান নির্বাচন কমিশনের অধীনে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হবে বলে আশা প্রকাশ করেন স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে এই বৈঠকে সংসদ সদস্যদের মধ্যে ছিলেন সাহারা খাতুন, জাহাঙ্গীর কবির নানক, কে এম রহমত উল্লাহ, কামাল আহমেদ মজুমদার, মোস্তফা জালাল মহিউদ্দিন, আসাদুজ্জামান খান কামাল, আসলামুল হক আসলাম, শেখ ফজলে নূর তাপস, সানজিদা খান, শাহিদা তারেক দিপ্তী ও আসমা জেরিন ঝুমু।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াও বৈঠকে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২৩১৩ ঘ.
bdnews24