২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাচ্চু রাজাকারের’ ছেলে ও শ্যালক রিমান্ডে

যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে পালিয়ে যাওয়া আবুল কালাম আজাদ ওরফে ‘বাচ্চু রাজাকারের’ দুই ছেলে ও শ্যালককে হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2012, 12:42 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে পালিয়ে যাওয়া আবুল কালাম আজাদ ওরফে ‘বাচ্চু রাজাকারের’ দুই ছেলে ও শ্যালককে হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। তাদের দুই দিন হেফাজতে জিজ্ঞাসাবাদে (রিমান্ড) মঙ্গলবার অনুমতি দেন মহানগর হাকিম হাসিবুল হক। রাজধানীর উত্তরখান থানা পুলিশের উপ-পরিদর্শক নিজামউদ্দিন আটককৃতদের সাত দিন জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়েছিলেন। রিমান্ড আবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃতরা রাজাকার বাচ্চুকে ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে পালিয়ে থাকতে সহযোগিতা করে এবং গ্রেপ্তার এড়াতে আশ্রয় দেয়। তারা বাচ্চুকে হিলি সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করে বলেও আবেদনে উল্লেখ করা হয়। ‘বাচ্চু রাজাকারের’ পালানোর ঘটনায় আরো কারা জড়িত তা জানতে তাদের রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে উপ-পরিদর্শক নিজামউদ্দিন আবেদনে উল্লেখ করেন। সোমবার রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরের ধোলাইখাল ও লোহারপুল থেকে আজাদের দুই ছেলে শাহ মোহাম্মদ ফয়সাল আজাদ (৩৬), আবুল কাশেম মোহাম্মদ মুশফিক বিল্লাহ ওরফে জিহাদ (৩৪) ও শ্যালক কাজী এহতেশামুল হক লিটনকে আটক করে র‌্যাব। একাত্তরে ফরিদপুরে রাজাকার বাহিনীতে ‘সক্রিয় বাচ্চু রাজাকারের’ দুই ছেলে ও শ্যালককে জ্ঞিাসাবাদের পর র‌্যাব সোমবার জানায়, তিনি গত ৩০ মার্চ ঢাকা ছেড়ে গত ২ এপ্রিল উত্তরাঞ্চলের হিলি সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। যুদ্ধাপরাধের মামলার আসামি আবুল কালামকে গ্রেপ্তারে গত ৩ এপ্রিল পরোয়ানা জারি করে দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরআরডি/পিডি/১৮৪৩ ঘ.