ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিভাগীয় পর্যায়ে রোডমার্চের পর এবার জেলা পর্যায়ে জনসংযোগ শুরু করছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এর অংশ হিসাবে আগামী ২৩ এপ্রিল রাজবাড়ী যাচ্ছেন তিনি।
রাজবাড়ী সফরে জেলা রেলওয়ে মাঠে এক জনসভায় ভাষণ দেবেন খালেদা জিয়া। ১২ মার্চের ঢাকার মহাসমাবেশের পর এটিই হবে খালেদা জিয়ার প্রথম জনসভা।
মঙ্গলবার দুপুরে গুলশানের কার্যালয়ের বৃহত্তর ফরিদপুর জেলা নেতাদের এক প্রস্তুতি সভায় রাজবাড়ী সফরের বিষয়টি চূড়ান্ত হয়।
বিএনপি নেতারা জানান, ২৩ এপ্রিল বিকাল তিনটায় রাজবাড়ীর জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিরোধী দলীয় নেতা।
বিএনপির সহসভাপতি চৌধুরী কামাল ইবনে ইউসুফের সভাপতিত্বে এই প্রস্তুতি সভায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অন্যদের মধ্যে দলের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, গোপালগঞ্জ জেলা সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, মাদারীপুর জেলা সভাপতি আবু বকর সিদ্দিকী, ফরিদপুরের জেলা সভাপতি শাহজাহান মিয়া, শরীয়পুরের জেলা সভাপতি জামাল শরীফ হিরু, ছাত্রদলের সহসভাপতি শহীদুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইয়াসমীন আরা হক, সাবেক এমপি হেলেন জেরিন খান সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৩৪০ ঘ.
bdnews24