ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীসহ ১০ জনের বিরুদ্ধে পাওনা টাকা চেয়ে মামলা করেছেন এক ব্যক্তি।
মেডিক্যাল কলেজ ফর উইমেন এন্ড হসপিটালের সাবেক প্রশাসনিক কর্মকর্তা আশরাফ হোসেন রোববার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা করেন।
বিকল্প ধারা বাংলাদেশের প্রধান ডা. বদরুদ্দোজা ওই হাসপাতালের চেয়ারম্যান। বাকি নয় জন বিবাদি হাসপাতালটির পরিচালনা পর্ষদ ও বিভিন্ন বিভাগের প্রধান।
বিচারক মহসীনুল হক বিবাদিরা সমন পেয়েছেন কি না তা জানতে আগামী ৭ মে তারিখ নির্ধারণ করেন।
মামলার অন্য বিবাদিরা হলেন- মেডিক্যাল কলেজ ফর উইমেন এন্ড হসপিটালের প্রতিষ্ঠাতা, দাতা, পৃষ্ঠপোষক এ এম মুজিবুল হক; অধ্যক্ষ অধ্যাপক মুজিবুর রহমান, হাসপাতালের পরিচালনা পর্ষদের সদস্য আনোয়ার হোসেন, নাজমা শাহীন, অধ্যাপক মো. ইসমাইল খান (্উপাধ্যক্ষ), গোলাম মইন উদ্দিন ও ডা. জাহাঙ্গীর আলম; মেডিক্যাল কলেজ ফর উইমেনের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. এম ও কে ওয়াহিদি এবং মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক মো. মোস্তফা।
এদের মধ্যে আনোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন ও অণুবিজ্ঞান বিভাগের অধ্যাপক, নাজমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের অধ্যাপক, মইন উদ্দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের অধ্যাপক এবং জাহাঙ্গীর স্কয়ার হাসপাতালের পরামর্শক।
মামলার অভিযোগে বলা হয়, বাদি ২০০১ সালের ২ অক্টোবর ওই প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা হিসাবে যোগ দিয়ে ১০ বছর চাকরি করে গত বছরের ৪ জুলাই পদত্যাগ করেন।
বাদিকে তার নায্য পাওনা থেকে বঞ্চিত করতে বিবাদিরা তাকে মাত্র এক লাখ সাতচল্লিশ হাজার সাতশ চার টাকা পাওনা পরিশোধ করেন উল্লেখ করে এতে বলা হয়, বাদির এর চেয়ে অনেক বেশি টাকা পাওনা রয়েছে।
পরিশোধিত টাকার বাইরে তিনি চার লাখ ৯১ হাজার পাঁচশ ১৫ টাকা বিবাদিদের কাছে পাবেন বলে বাদির দাবি।
মামলার অভিযোগ অনুযায়ী, বাদি সর্বশেষ গত ১৪ মার্চ বিবাদিদের আইনি বিজ্ঞপ্তি পাঠিয়ে এ টাকা দাবি করেন।
মামলায় টাকার সুদও দাবি করেছেন বাদি।
হাসপাতালের অধ্যক্ষ ও মামলার বিবাদি অধ্যাপক মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাদির কত টাকা পাওনা রয়েছে তিনি তা বলতে পারবেন না। আদৌ পাওনা রয়েছে কি না সে ব্যাপারে তিনি নিশ্চিত নন।
তবে মামলার খবরটি তিনি শুনেছেন বলে জানান অধ্যক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/১৮৫৫ ঘ.
bdnews24