ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার কালীগঞ্জে ‘ধর্মীয় সংখ্যালঘুদের’ বাড়িতে লুটপাট ও নির্যাতনের ঘটনা তদন্তের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অথবা প্রতিমন্ত্রীকে ঘটনাস্থলে যাওয়ার এবং সংসদকে এ ব্যাপারে অবহিত করার আহ্বান জানিয়েছেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।
শুক্রবার কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি বলেন, সাতক্ষীরায় যা ঘটেছে তা ‘লজ্জাজনক’।
“আমি এই ঘটনা তদন্তের জন্য নিবেদিতপ্রাণ স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন অথবা স্বরাষ্ট্র পতিমন্ত্রীকে ঘটাস্থলে যাওয়ার অনুরোধ জানাবো। তাদের বলবো- আপনারা ব্যবস্থা নিন এবং জাতীয় সংসদকে এ ব্যাপারে অবহিত করুন”, বলেন এই আওয়ামী লীগ নেতা।
পূজা উদযাপন পরিষদের এবারের সম্মেলনের স্লোগান, “সা¤প্রদায়িক সহিংসতা বন্ধ কর, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের দ্রুত বাস্তবায়ন চাই।”
গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ফতেহপুর মাধ্যমিক বিদ্যালয়ে একটি নাটক মঞ্চস্থ হয়। ওই নাটকে ইসলাম ধর্মকে কটাক্ষ করা হয়েছে- এমন অভিযোগ এনে কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠনের কর্মী-সমর্থকরা হিন্দু ধর্মাবলম্বীসহ স্থানীয় কয়েকজনের বাড়িতে লুটপাট চালায় এবং তাদের ওপর নির্যাতন করে।
এই ঘটনায় সাতক্ষীরার পুলিশ সুপার ও সদর থানার ওসিকে ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে।
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা উদযাপন পরিষদের সম্মেলনে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “ওই ঘটনায় আমাদের সবারই লজ্জিত হওয়া উচিৎ।”
কালীগঞ্জের ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনসহ হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্ররা বুধবার রাতে এবং বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শাহবাগ এলাকা দুই দফা অবরোধ করে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে অবরোধ তুলে নিতে অনুরোধ করায় এবং পুলিশ প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা রাস্তা থেকে সরে গেলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।
শুক্রবার পূজা উদযাপন কমিটির সম্মেলনের উদ্বোধনী পর্ব চলাকালেও জগন্নাথ হলের ছাত্ররা মিছিল করে মন্দিরে প্রবেশ করে এবং হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকে।
প্রতিবাদ কর্মসূচির জন্য ছাত্রদেরকে অভিনন্দন জানিয়ে সুরঞ্জিত বলেন, “এই ঘটনায় আমার জগন্নাথ হলের ছাত্ররা যেভাবে প্রতিবাদ করেছে- তাতে সত্যিই আমি আপ্লুত, উদ্বেলিত। মানুষ প্রতিবাদী না হলে নিজেকে রক্ষা করতে পারে না।”
অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়নের তাগিদ দিয়ে তিনি বলেন, “এটি এখন পর্যন্ত না হওয়াটা মানা যায় না। এই সভার মাধ্যমে আমরা এর দ্রুত বাস্তবায়ন চাই।”
‘বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে’ জানিয়ে অনুষ্ঠানের বিশেষ অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেন, “যেহেতু আইন হয়েছে সেহেতু অবশ্যই বাস্তবায়ন হবে।”
পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট তাপস কুমার পাল ধর্ম মন্ত্রণালয়ে সব ধর্মীয় কর্মকর্তা নিয়োগের দাবি জানান।
তিনি বলেন, “ধর্ম মন্ত্রণালয় তো শুধু একটি ধর্মের জন্য নয়। তাহলে সেখানে কেন একজন হিন্দু কর্মকর্তা নাই, একজন বৌদ্ধ নাই?”
মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে সম্মেলনের উদ্বোধন করেন হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি মেজর জেনারেল (অব) সি আর দত্ত। অন্যদের মধ্যে উপজাতীয় শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স এর চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা, সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/জেকে/১৪০৭ ঘ.
bdnews24