ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলমান রাজনৈতিক সংস্কৃতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত আওয়ামী লীগের এই নেতা মঙ্গলবার এক আলোচনা সভায় বলেন, “আমাদের পানিতে বিষ, বাতাসে বিষ, পলিটিশিয়ানদের মুখেও বিষ। দিন যতই যাচ্ছে, ততই আমাদের মুখের বিষ তীব্র হচ্ছে।”
কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উদ্ধৃত করে কাদের বলেন, “শরৎবাবু এক জায়গায় বলেছিলেন, শরীরের শক্তি কমতে থাকলে মুখের বিষ বাড়ে। অবস্থা দেখে মনে হয়, আমাদের রাজনীতির শক্তি কমে আসছে।”
সৌজন্যবোধের মতো বিষয়গুলো রাজনীতি থেকে হারিয়ে যাচ্ছে বলেও মনে করেন ছাত্রলীগের সাবেক এই সভাপতি, যিনি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের পর এখন সভাপতিমণ্ডলীর সদস্য।
সংসদের গত অধিবেশনে অশালীন বক্তব্যের দিকে ইঙ্গিত করে কাদের বলেন, “সংসদ অধিবেশন শুরু হলে রাজনীতিবিদদের গালিগালাজ, পরস্পরের দিকে তেড়ে আসা দেখে শিশুরা ভয় পায়, নারীরা টেলিভিশনের সুইচ বন্ধ করে দেয়।”
সরকারি ও বিরোধী দলের সদস্যদের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছিল সংসদের সদ্য শেষ হওয়া অধিবেশন। ওই অধিবেশনে বিরোধী দলের দুজন সংসদ সদস্যের বক্তব্য ‘অসংসদীয়’ বলে কার্যবিবরণী থেকে বাদ দেন স্পিকার।
দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে প্রধান বাধা হিসাবে ‘দলবাজির রাজনীতি’কে দায়ী করেন কাদের।
নর্দার্ন ইউনিভার্সিটির বনানী ক্যাম্পাসে এক আলোচনা সভা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি আরো বলেন, এই দলবাজি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে, সাংবাদিকদের মধ্যে এবং চিকিৎসকদের মধ্যেও ঢুকে গেছে।
রাজনীতিকে সঠিক ধারায় ফিরিয়ে আনতে কালো টাকার দৌরাত্ম্য বন্ধের ওপর জোর দেন যোগাযোগমন্ত্রী।
এসময় তিনি রসিকতা করে বলেন, “সবজায়গাতেই হাইব্রিড আর ফরমালিন এর দাপট। এখন মানুষও হাইব্রিড, পলিটিক্সও হাইব্রিড। হাইব্রিড এর ধাক্কাধাক্কিতে রিয়েল পলিটিশিয়ানরাও কোণঠাসা।”
“অবস্থা এমন দাঁড়িয়েছে যে শুধু ভালো মানুষ হলেই নির্বাচনে জেতা যায় না। নির্বাচনেও ঘাটে ঘাটে টাকা দিতে হয়,” যোগ করেন এই সংসদ সদস্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/আরএ/এমআই/১৫৪৫ ঘ.
bdnews24