ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করা না হলে বিএনপি আগামী ১০ জুনের পর থেকে ‘সরকার পতনের এক দফা আন্দোলন’ শুরু করবে বলে হুঁশিয়ার করেছেন বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।
সোমবার দুপুরে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, “সরকারকে বলব, এখনো সময় আছে, বাজেট অধিবেশনে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিল সংসদে নিয়ে আসুন। তা না হলে দেশনেত্রীর বেঁধে দেওয়া ৯০ দিনের সময়সীমা পেরিয়ে গেলে এক দফা আন্দোলনে জনগণ রাস্তায় নামবে।”
“তখন আপনাদের গণভবন ও বঙ্গভবন থেকে টেনে নামানো হবে”, সরকারের উদ্দেশে বলেন ফারুক।
তত্ত্বাবধায়কের দাবিতে গত ১২ মার্চ নয়া পল্টনে চার দলের মহাসমাবেশ থেকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ঘোষণা দেন, ১০ জুনের মধ্যে দাবি আদায় না হলে ১১ জুন ঢাকায় সমাবেশ করে সরকার পতনে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’ আয়োজিত মানববন্ধনে জয়নুল আবদিন ফারুক বলেন, “সরকার সংসদকে অকার্যকর করে রেখেছে। সেখানে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার ও অশালীন বক্তব্য দেয়ার ছাড়া জনগণের সমস্যা সমাধানে কোনো কাজ হয় না।”
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় আইএসআইয়ের কাছ থেকে বিএনপির টাকা নেওয়ার খবরকে ‘মিথ্যাচার ও বানোয়াট’ বলার পরও প্রধানমন্ত্রী ও সরকারের মন্ত্রীরা মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন বিএনপির প্রচার সম্পাদক ফারুক।
তিনি বলেন, “এ থেকে প্রমাণ হয়, তারা ২০০৮ সালে ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার বিষয়টি চাপা দেওয়ার জন্যই এ অপপ্রচার চালাচ্ছে।”
দীর্ঘ ৭৭ কার্যদিবস অনুপস্থিতির পর বিএনপির সাংসদরা চলতি মাসে অধিবেশনে ফিরলেও আইএসআইয়ের টানা নেওয়া সংক্রান্ত বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবিতে গত বৃহস্পতিবার থেকে আবারো সংসদ বর্জন শুরু করেন।
বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড মামলায় অভিযোগপত্র দেওয়ার প্রতিবাদে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’ এই মানববন্ধনের আয়োজন করে।
সংগঠনের সভাপতি শ্যামা ওবায়েদের সভাপতিত্বে অন্যদের মধ্যে যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির আইন বিষয়ক সহ সম্পাদক নিতাই রায় চৌধুরী, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, নাগরিক সংসদের সভাপতি খালেদা ইয়াসমীন মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৩২০ ঘ.
bdnews24