২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধের ৪ মামলা যাচ্ছে দ্বিতীয় ট্রাইব্যুনালে

একাত্তরের যুদ্ধাপরাধ বিচার ত্বরান্বিত করতে চার শীর্ষ আসামির মামলা প্রথম ট্রাইব্যুনাল থেকে দ্বিতীয় ট্রাইব্যুনালে স্থানান্তর হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2012, 03:39 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধ বিচার ত্বরান্বিত করতে চার শীর্ষ আসামির মামলা প্রথম ট্রাইব্যুনাল থেকে দ্বিতীয় ট্রাইব্যুনালে স্থানান্তর হচ্ছে। এরা হলেন- জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম, দুই সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা ও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম। নাম প্রকাশ না করার শর্তে ট্রাইব্যুনালের আইনজীবী প্যানেলের একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। বিচারপতি এ টি এম ফজলে কবীরকে চেয়ারম্যান এবং বিচারপতি ওবায়দুল হাসান ও প্রথম ট্রাইব্যুনালের নিবন্ধক মো. শাহীনুর ইসলামকে নিয়ে গত ২১ মার্চ গঠন করা হয় দ্বিতীয় ট্রাইব্যুনাল। ২০১০ সালের ২৫ মার্চ বিচারপতি নিজামুল হককে চেয়ারম্যান, ও অবসরপ্রাপ্ত জেলা জজ এ কে এম জহির আহমেদকে সদস্য করে গঠন করা হয় প্রথম ট্রাইব্যুনাল। মামলা স্থানান্তর প্রসঙ্গে আইনমন্ত্রী শফিক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ন্যায় বিচার নিশ্চিত ও বিচার কাজ দ্রুত শেষ করতে কয়েকটি মামলা দ্বিতীয় ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। ট্রাইব্যুনালের আইনের বিধানেই এটা রয়েছে। এজন্য নতুন বিধির প্রয়োজন নেই।” তিনি জানান, আলাদা আলাদা হলেও দুই ট্রাইব্যুালের ক্ষমতা একই। প্রথম ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে মামলা স্থানান্তর করা যাবে। তবে এজন্য প্রধান আইনজীবীকে আবেদন করতে হবে। মামলা স্থানান্তরের ফলে কারো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকবে কি না- এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, “না, এতে কোনো পক্ষেই ক্ষতিগ্রস্ত হবে না। বরং উভয় পক্ষেরই সুবিধা হবে।” আবুল কালাম আজাদকে গ্রেপ্তারে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আবেদনের মধ্য দিয়ে গত ২৫ মার্চ কার্যক্রম শুরু করে দ্বিতীয় ট্রাইব্যুনাল। একাত্তরে বাচ্চু রাজাকার নামে পরিচিত আজাদ মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরে জামায়াত নেতা আলী আহসান মো. মুজাহিদের ঘনিষ্ঠ সহচর ছিলেন বলে অভিযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/২১৩৫ ঘ.