২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্রসীমা জয় ‘শুভঙ্করের ফাঁকি’: ফখরুল

সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে আইনি লড়াইয়ে বাংলাদেশের জয়ে ধন্যবাদ জানানোর দুই সপ্তাহ পর এখন এই জয়কে ‘শুভঙ্করের ফাঁকি’ বলছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2012, 02:50 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে আইনি লড়াইয়ে বাংলাদেশের জয়ে ধন্যবাদ জানানোর দুই সপ্তাহ পর এখন এই জয়কে ‘শুভঙ্করের ফাঁকি’ বলছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকালে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, “মিয়ানমারের সঙ্গে সীমানা নির্ধারণে বাংলাদেশ যদি লাভবানই হয়ে থাকে, তাহলে কেনো বঙ্গোপসাগরের ব্লকগুলোতে কর্তৃত্ব আমরা পেলাম না। আমরা মনে করি- সমুদ্র জয়ের প্রচারণা সরকারের একটি শুভঙ্করের ফাঁকি।” গত ১৪ মার্চ সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক আদালত বঙ্গোপসাগরে বাংলাদেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোন দুইশ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তারের পক্ষে রায় দেয়; রায়ের আগে যা ছিল ৩০ নটিক্যাল মাইল। রায় ঘোষণার পরদিনই বিএনপি পররাষ্ট্র মন্ত্রণালয়কে অভিনন্দন জানিয়েছিল। এ ছাড়া সংসদে বিরোধীদলীয় নেতা ওই জয়ের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান। এরই মধ্যে আইনি লড়াইয়ে জয়ের জন্য প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে। মির্জা ফখরুল বলেন, “জনগণকে বোকা বানানোর জন্য তারা এখন উৎসব করছে। রায়ের পর মিয়ানমারও তাদের দেশে বিজয় উৎসব করেছে।” পূর্ণাঙ্গ রায়ের কপি জনসমক্ষে প্রকাশেরও দাবি জানান তিনি। কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বাধীনতা ফোরামের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। অনুষ্ঠানে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও বিরোধী দলীয় নেতা জয়নুল আবদিন ফারুককে সম্মাননা-২০১২ পদক দেওয়া হয়। নতজানু পররাষ্ট্র নীতির সমালোচনা করে ফখরুল বলেন, “দেশের অর্থনীতিকে পরনির্ভরশীল করে ফেলা হচ্ছে। সীমান্তে হত্যাকাণ্ড ঘটছে। নদ-নদীর ওপর ভারত একতরফাভাবে বাঁধ দিচ্ছে। অথচ এসবে সরকারের কোনো প্রতিবাদ নেই।” আন্তঃনদী প্রকল্প ও টিপাইমুখে বাঁধ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশকে ভারত ঘিরে ফেলার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টে দুর্নীতির প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “একদিকে এই প্রকল্প খাতে প্রতিবছরের ২০ হাজার কোটি ভর্তকির অর্থ সরকার নিজেদের পকেট ভারি করছে। অন্যদিকে বিদ্যুতের সংকট আরও বাড়িয়ে দফায় দফায় বিদ্যুতের দাম বৃদ্ধি করছে তারা।” বক্তব্যে আবারো নিদর্লীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান ফখরুল। আলোচনা সভায় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বাধীনতা ফোরামের সাধারণ সম্পাদক প্রকৌশলী আজিজুল ইসলাম প্র্রমুখ বক্তব্য দেন। ‘বাংলাদেশ লাভবান হয়নি’ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের উদ্যোগে অপর এক আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “বাংলাদেশ ২৬ বছর ধরে সমতার ভিত্তিতে মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমানার সুরাহার জন্য দাবি করে আসছিলো। আর মিয়ানমার চেয়েছিলো সম-দূরত্বের ভিত্তিতে এর সমাধান। আন্তর্জাতিক আদালতে সম-দূরত্বের ভিত্তিতে রায় দিয়েছে। সেন্ট মার্টিনের কাছে ২১৫ ডিগ্রিতে লাইন টেনে সীমানা নির্ধারণের ফলে বাংলাদেশ বঙ্গোপসাগরের ৩/৪টি ব্লকের কর্তৃত্ব হারিয়েছে।” আলোচনা সভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাংস্কৃতিক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, জাসাস সাধারণ সম্পাদক মনির প্রমুখ বক্তব্য দেন। সভাপতিত্ব করেন জাসাস সভাপতি এম এ মালেক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/২০৫২ ঘ.