২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাসাসের দুই পক্ষে চেয়ার ছোড়াছুড়ি

জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আলোচনায় দুই পক্ষের নেতা-কর্মীরা পরস্পরকে চেয়ার ছোড়াছুড়ি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2012, 02:44 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আলোচনায় দুই পক্ষের নেতা-কর্মীরা পরস্পরকে চেয়ার ছোড়াছুড়ি করেছেন। রোববার সংগঠনের সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক মনির খান এবং বিএনপির আমন্ত্রিত অতিথিদের সামনেই এ ঘটনা ঘটে। বিকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাসাস কেন্দ্রীয় কমিটি এ আলোচনা সভা আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। হট্টগোল-হাতহাতির পর জাসাস সাধারণ সম্পাদক মনির খান সাংবাদিকদের বলেন, “একদল বহিরাগত এই ঘটনা ঘটিয়েছে। আমরা এ বিষয়ে সভা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।” জাসাসের ভাবমূর্তি নষ্ট করতে এ ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেন তিনি। প্রধান অতিথি আসার আগেই বিকাল পৌনে ৪টায় আলোচনা সভায় শুরুর পর নেতাদের নাম মাইকে ঘোষণা না দেওয়া নিয়ে হট্টগোলের সূত্রপাত হয়। সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক মনির খানের সমর্থিত দুই গ্রুপের একদল উচ্ছৃঙ্খল কর্মীরা ঝগড়ায় লিপ্ত হয়। তারা পরস্পরকে চেয়ার ছুড়ে মারে। এতে অনেক কর্মী মিলনায়তন থেকে ভয়ে বেরিয়ে যায়। ঘটনায় জড়িত জাসাসের কর্মীরা বলেন, কেন্দ্রীয় কমিটির এই আলোচনা সভায় মহানগরসহ কেন্দ্রীয় নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি। এখানে বহিরাগত লোকজনকে ভাড়া করে আনা হয়েছে। সভাপতি এম মালেকের বিরুদ্ধে মনির খানের গ্রুপের কর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সভাপতি দলের সাংস্কৃতিক কর্মীদের মূল্যায়ন করেন না। তাদের অভিযোগ, মনির খান কোটা সৃষ্টি করেছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে গিয়ে ফুল দিয়েছেন। আলোচনা সভায় মনির খান শুধু তার পক্ষের নেতাদের নাম মাইকে ঘোষণা দেন উল্লেখ করে তারা বলেন, এতে কর্মীরা ক্ষুব্ধ হয়। পরে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অনুষ্ঠান স্থলে এলে সিদ্ধান্ত হয়- আলোচনা সভা হবে। আলোচকের সংখ্যাও কমিয়ে এনে সভা দ্রুত শেষ করা হয়। বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু এ প্রসঙ্গে বলেন, “অবশ্যই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা সরকারি দলের দোসর।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০৩৯ ঘ.