ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে না ফেরার জন্য বিএনপি নানা অজুহাত খুঁজছে মন্তব্য করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, আইএসআইয়ের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টিকে এখন তারা অজুহাত হিসেবে ব্যবহার করছে।
শনিবার বাংলাদেশ তাঁতী লীগ আয়োজিত এক আলোচনা সভায় বিরোধী দলের উদ্দেশে রেলমন্ত্রী সুরঞ্জিত বলেন, “সংসদে আসবেন না কেন? আইএসআইয়ের কাছ থেকে ঘুষ খাওয়ার কথা কি আমরা বলেছি? বলেছে মধ্যপ্রাচ্যের পত্রিকা এবং আইএসআই প্রধান নিজে।”
“মধ্যপ্রাচ্যের পত্রিকা বললে দোষ নাই, যুক্তরাজ্যের পত্রিকা বললে দোষ নাই, আইএসআইয়ের চিফ বললে দোষ নাই, আমরা বললেই দোষ? এটা কোনো কথা?”
১৯৯১ সালে জাতীয় নির্বাচনের আগে বিএনপিকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই অর্থ দিয়েছিল বলে মধ্যপ্রাচ্যের দৈনিক খালিজ টাইমসে খবর প্রকাশের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে পাল্টাপাল্টি বক্তব্য শুরু হয়।
বিভিন্ন সভা-সমাবেশে এ সংক্রান্ত আলোচনার পাশাপাশি সংসদেও একে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়। এক পর্যায়ে সরকার ও বিরোধীদলীয় সাংসদরা এটা নিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
৭৭ কার্যদিবস অনুপস্থিত থাকার পর গত ১৮ মার্চ সংসদে ফিরলেও অর্থ নেওয়ার এ বিষয়কে কেন্দ্র করেই গত ২৯ মার্চ থেকে আবার সংসদে যাচ্ছে না বিএনপি। দলটি বলেছে, অর্থ নেওয়া বিষয়ক বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে প্রত্যাহার না হলে তারা অধিবেশনে যাবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএইচ/পিডি/২৩০৭ ঘ.
bdnews24