২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারা সংসদে থাকতে আসেনি: হাসিনা

দ্বাদশ অধিবেশনে ফেরা বিরোধী দলকে শেষ দিনে অনুপস্থিত দেখে সংসদ নেতা বলেছেন, সংসদ সদস্যপদ রক্ষাই ছিল বিএনপির উদ্দেশ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2012, 02:51 PM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের ফেরা সংসদ কার্যকরের জন্য নয় বলে মনে করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদের দ্বাদশ অধিবেশনের শেষ দিন বৃহস্পতিবার বিরোধীদলীয় সদস্যদের অনুপস্থিতির সমালোচনা করে তিনি বলেছেন, “আসলে তারা সংসদে থাকতে আসেনি। এসেছিল বেতন-ভাতা এবং সদস্যপদ রক্ষা করতে।” ৭৭ কার্যদিবস পর ৩৪ কার্যদিবসের এই অধিবেশনের মাঝামাঝিতে সংসদে ফিরেছিল বিরোধী দল। বিএনপি আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক কর্মসূচিতে বলেন, আইএসআইয়ের কাছ থেকে অর্থ ‘নেওয়া’ সংক্রান্ত সংসদে দেওয়া সব বক্তব্য স্পিকার কার্যবিবরণী থেকে বাদ না দিলে তারা সংসদে যাবেন না। বিএনপিকে সংসদে দেখতে চাওয়ার কথা জানিয়ে সংসদ নেতা বলেন, “আমি চাই, তারা আসুক। তবে, তারা আসবে কেন? তাদের কাজ হয়ে গেছে। এখন তারা চিৎকার দিয়ে বেড়াচ্ছে। গাড়ি ভাংচুর করছে। “আপনি (স্পিকার) যদি আগে ঘোষণা না করতেন যে ২৯ তারিখ সংসদ শেষ হবে। আর তাদের যদি ৯০ দিন ছুঁইছুঁই না হত, তারা আসতেন না।” এই অধিবেশনে বিরোধীদলীয় সংসদ সদস্যদের আচরণের সমালোচনাও করেন আওয়ামী লীগ সভানেত্রী। “যে আচরণ তারা করেছে, এক জনকে মারতে যাওয়া। এটা কারো কাছে গ্রহণযোগ্য নয়,” বলেন তিনি। শেষ হওয়া অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ৪০ ঘণ্টা আলোচনার কথা থাকলেও বিরোধী দল সংসদে সংসদে আসায় আলোচনা হয় ৫০ ঘণ্টা ২৬ মিনিট। এর মধ্যে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া পৌনে ২ ঘণ্টা কথা বলেন। স্পিকারকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, “উনি (বিরোধীদলীয় নেতা) দীর্ঘ বক্তৃতা দিয়ে চলে গেলেন। আপনি সেই সুযোগ দিয়েছেন। আমি আপনার ধৈর্য্য দেখেছি।” “তিনি দীর্ঘক্ষণ বক্তব্য দিয়েছেন, চলেও গিয়েছেন। এরপরেও যদি যদি তারা বলেন, কথা বলতে দেওয়া হয় না। সেটা ঠিক নয়,” সংসদে কথা বলতে দেওয়া হয় না বলে বিএনপির অভিযোগের জবাব দেন প্রধানমন্ত্রী। এই প্রসঙ্গে তিনি বলেন, ২০০৪ সালের ২১ অগাস্টের গ্রেনেড হামলা এবং তৎকালীন সংসদ সদস্য শাহ এ এম এস কিবরিয়া ও আহসান উল্লাহ মাস্টার হত্যাকাণ্ডের পরও তখনকার বিরোধী দল আওয়ামী লীগকে কথা বলতে দেওয়া হয়নি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালে বিএনপির দাবির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, “তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমরা আদালতের রায় কার্যকর করেছি। কেউ রায় না মানলে বলার কিছু নেই।” অন্তর্বর্তীকালীন এই পদ্ধতি আওয়ামী লীগ এক সময় চাইলেও এবার তা বিলোপের পক্ষে যুক্তি দেখিয়ে শেখ হাসিনা বলেন, “তত্ত্বাবধায়ক সরকার তখনই দরকার হয়েছিল, যখন কারচুপির নির্বাচন হয়েছিল।” দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব দাবি করে এক্ষেত্রে গত তিন বছরে সংসদের উপ-নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনগুলোকে উদাহরণ হিসেবে তুলে ধরেন আওয়ামী লীগ সভানেত্রী। বিদ্যুৎ ব্যবহারে সবাইকে আরো সাশ্রয়ী হওয়ার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “বিদ্যুৎ সমস্যা আছে। কিন্তু বর্তমান সরকার বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছে। জাতীয় গ্রিডে ৩ হাজার ৩০০ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ যোগ হয়েছে।” বর্তমান সরকার ২২ লাখ নতুন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দিয়েছে বলে জানান তিনি। লোডশেডিং নিয়ে অসন্তোষে শেখ হাসিনা বলেন, “আমি জানি ঢাকায় বিদ্যুতের সমস্যা হচ্ছে। সেচের জন্য রাতে বিদ্যুৎ গ্রামে যাচ্ছে। সাধারণ মানুষের তো বিদ্যুৎ পাওয়ার অধিকার আছে। “এর দরকারও আছে, মানুষ যাতে ভুলে না যায়, লোডশেডিং নামে কিছু একটা ছিল।” জনসংখ্যা বৃদ্ধি নিয়ে মহাজোট শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “জনসংখ্যা আশঙ্কাজনক হারে বাড়েনি। বিশ্বের অনেক দেশ বৃদ্ধদের দেশ হয়ে গেছে। সেখানে কর্মক্ষম যুবকের অভাব দেখা দিয়েছে। আমি জনসংখ্যাকে মায়ের মন দিয়ে দেখি। সন্তানদের তো আর ফেলে দেওয়া যায় না। তাই তাদের শিক্ষা-দীক্ষায় মানুষ করার পদক্ষেপ নিয়েছি।” সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে আইনি লড়াইয়ে বিজয়ের পর আগামীতে ভারতের সঙ্গেও জয়ের আশা প্রকাশ করেন শেখ হাসিনা এবং সেজন্য আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২০৪০ ঘ.