ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোট ছেড়ে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়ে আসা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বিএনপির সঙ্গে কোনো জোটে না যাওয়ার কথা বলেছেন।
পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের পর জাতীয় পার্টির ওপর হামলার প্রসঙ্গ ধরে বৃহস্পতিবার সংসদ অধিবেশনে তিনি বলেছেন, যাদের হাত রক্তে রঞ্জিত তাদের সঙ্গে তিনি হাত মেলাবেন না।
গণআন্দোলনের মুখে স্বৈরাচার এরশাদের পতনের পর ১৯৯১ সালের নির্বাচনে ক্ষমতায় গিয়েছিল বিএনপি, কারারুদ্ধ হয়েছিলেন এরশাদ।
বিএনপির সমালোচনা করে এরশাদ বলেন, “গণতান্ত্রিক আচরণ ও সাংবিধানিক অধিকারের কথা শুনি। গণতান্ত্রিক আচরণ কী, তা আমরা ৯১ সালে দেখেছি। যাদের হাত রক্তে রঞ্জিত, তাদের সঙ্গে হাত মেলানোর প্রশ্নই ওঠে না।”
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান মহাজোটে জাতীয় পার্টি থাকলেও কয়েকমাস ধরে এরশাদ বলছেন, আগামী নির্বাচন আলাদাভাবে করবেন তারা।
সংসদে বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ সম্বোধন করে এরশাদ বলেন, “জাতির পিতাকে কোনো দলে আবদ্ধ করে রাখা ঠিক হবে না। বঙ্গবন্ধু জাতির সম্পদ।”
সংসদে যোগ দিয়ে বিরোধী দলের সংসদ সদস্যদের আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, “আমরা লজ্জায় মুখ দেখাতে পারি না।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘সিংহকন্যা’ আখ্যায়িত করে এরশাদ বলেন, “ভারতের সঙ্গে আমাদের সমস্যার সমাধান শেখ হাসিনা ছাড়া আর কেউ করতে পারে না। শেখ হাসিনাকে সে সমস্যার সমাধান করতে হবে।
“আমরা আপনার সঙ্গে আছি। ভারতের সঙ্গে আমাদের সমুদ্রসীমার বিরোধ রয়েছে। উভয়েই আন্তর্জাতিক আদালতে গিয়েছে। আমরা চাই শেখ হাসিনাই এ সমস্যার সমাধান করুক।”
দেশে পরিচালনায় সরকার পুরোপুরি সফল নয়- কয়েক দিন আগেও এই অভিযোগ করা এরশাদ আশা করছেন, আগামী দুই বছরে গ্যাস, বিদ্যুৎ ও পানির সমস্যার সমাধান হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারকে আরো মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, সাংবাদিক দম্পতি ও সৌদি কূটনীতিক হত্যার বিচার করা হলে আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।
জনসংখ্যা বৃদ্ধি এবং খাদ্যে ভেজাল রোধের তৎপর হতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান সাবেক রাষ্ট্রপতি এরশাদ।
সাংবাদিক শফিক রেহমানকে বিএনপির থিংক ট্যাংক আখ্যায়িত করে এরশাদ বলেন, “আমার সময়ে সংসদে সংরক্ষিত ৩০ জন মহিলা সংসদ সদস্যকে সাপ্তাহিক যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান ‘ত্রিশ সেট অলংকার’ বলেছিলেন। এখন তার দলের মহিলা সদস্যদের আমি মাননীয় সংসদ সদস্যই বলব। উনার মতো মহাবিজ্ঞজন আমি নই। তাই সংসদ সদস্যদের অন্য কোনো উপাধি দিতে পারব না।”
সাপ্তাহিক যায়যায়দিন এরশাদ ক্ষমতায় থাকার সময় নিষিদ্ধ করেছিলেন। এর সম্পাদক শফিক রেহমানকে তখন দেশ ছাড়তেও বাধ্য করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৯৪৮ ঘ.
bdnews24