ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধনের অভিযোগ এনে আরো একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
একটি মামলা দায়েরের দেড় মাস পর বৃহস্পতিবার শাহবাগ থানায় করা এই মামলায় সাবেক মেয়রের বিরুদ্ধে রাষ্ট্রের ৮২৭ কোটি টাকা ক্ষতির অভিযোগ আনা হয়েছে।
মামলাটি করেছেন কমিশনের উপপরিচালক হারুনুর রশীদ। এতে আরো ছয় জনকে আসামি করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তিনি।
অন্য আসামিরা হলেন- ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও বর্তমানে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. নূরুল হক, ডিসিসির সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সেহাবউল্লাহ, ডিসিসির নির্বাহী প্রকৌশলী মো. মনসুর আহম্মেদ, ডিসিসির অঞ্চল-৮ এর উপ-সহকারী প্রকৌশলী মো. আমিনুর রহমান চৌধুরী, ডিসিসির ফেইস প্রজেক্টের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. মফিজুর রহমান এবং এম আর ট্রেডিংয়ের মালিক মো. মিজানুর রহমান।
দিলকুশায় একটি ভবন নির্মাণে ‘অবহেলার’ মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়েছে খোকাসহ আসামিদের বিরুদ্ধে। বিএনপি নেতা খোকা মেয়র থাকাকালীন এই ঘটনা ঘটে বলে কমিশন জানায়।
দিলকুশায় বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজিএমসি) কাছ থেকে বিনামূল্যে পাওয়া ৩৭ কাঠা জমির ওপর নিজস্ব অর্থায়নে ২৫ তলা কার পার্কিং কাম বাণিজ্যিক ভবন নির্মাণের সময় এই ‘অনিয়ম’ হয় বলে দুদকের তদন্তে বেরিয়ে এসেছে।
ওই ভবনের প্রথম পর্যায়ে ৩ তলা পর্যন্ত নির্মাণের জন্য মেসার্স এম আর ট্রেডিংকে ঠিকাদার নিয়োগ করে ডিসিসি। এরপর দ্বিতীয় পর্যায়ে ৩ তলা এবং তৃতীয় পর্যায়ে কার পার্কিংসহ আরো ২০টি তলা নির্মাণের জন্যও তারা কাজ পায়।
মামলায় বলা হয়, তবে নির্মাণ প্রতিষ্ঠানের ৭৫ শতাংশ এবং ডিসিসির ২৫ শতাংশ শেয়ার বণ্টনের শর্ত দরপত্র মূল্যায়ন কমিটি কম হিসেবে উল্লেখ করে নিজস্ব অর্থায়নে বা সেলামি গ্রহণ করে নির্মাণের সুপারিশ করে।
ওই সুপারিশ ২০০৮ সালের ৯ জুন মেয়র খোকা অনুমোদন করেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে এম আর ট্রেডিং হাই কোর্টে রিট আবেদন করলে বিষয়টি শুনানি না হওয়া পর্যন্ত নির্মাণ কাজের ওপর স্থিতাবস্থা জারি করে আদালত।
কারণ দর্শানো ছাড়া এই ধরনের দরপত্র বাতিলের ক্ষমতা থাকার পরও ডিসিসি প্রায় এক বছর কোনো আইনি পদক্ষেপ নেয়নি বলে দুদক প্রমাণ পেয়েছে।
এরপর প্রধান নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে গঠিত পুনর্মূল্যায়ন কমিটি ডিসিসিকে ৩০ শতাংশ এবং নির্মাণ প্রতিষ্ঠানকে ৭০ শতাংশ শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর এম আর ট্রেডিং তাদের মামলা প্রত্যাহার করে নেয়। পাশাপাশি এসব সিদ্ধান্ত রেখে ৯০ দিনের মধ্যে চুক্তি করার জন্য সোলেনামা (উভয় পক্ষের সমঝোতা) করা হয়। কিন্তু ডিসিসি ৯০ দিনের মধ্যে কোনো চুক্তি করতে পারেনি। চুক্তিটি হয় আরো ১ মাস পর।
এরপর নির্মাণ প্রতিষ্ঠান নিজস্ব টাকা ব্যয় না করেই সেলামির মাধ্যমে টাকা সংগ্রহ করে নির্মাণ কাজ শেষ করে ৭০ শতাংশ শেয়ারের মালিক হয়, যে পদ্ধতিতে ডিসিসি নিজেই ওই নির্মাণ কাজ শেষ করতে পারত বলে দুদক বলছে।
মামলায় অভিযোগ করা হয়, ডিসিসি তা না করে ওই সম্পত্তির (ভবন) বাজার মূল্য হিসাবে সরকারের ৮২৭ কোটি টাকার ক্ষতি সাধন করেছে।
গত ১৫ ফেব্রুয়ারি শাহবাগ থানায় দুদক আরেকটি মামলা করে খোকার বিরুদ্ধে। তাতে খোকাসহ চার জনের বিরুদ্ধে বনানীতে সিটি কর্পোরেশন মার্কেটের কার পার্কিংয়ের স্থান ইজারার ৩৭ লাখ ১৯ হাজার ৯০০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
ওই মামলায় ঢাকা মহানগর বিএনপির সভাপতি খোকা উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।
মেয়াদ শেষের পরও দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর গত বছরের ডিসেম্বরে ঢাকা সিটি কর্পোরেশন ভাগ করা হলে মেয়রের দায়িত্ব হারান খোকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমআই/১৮২০ ঘ.
bdnews24