গাজীপুর, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় মামলা খারিজ হয়ে যাওয়ায় এবার গাজীপুরে কাশিমপুর কারাগারের দুই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন যুদ্ধাপরাধের অভিযোগে আটক সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে।
হুম্মান কাদের চৌধুরী দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, মারধর ও হুমকির অভিযোগ এনে গাজীপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে বুধবার মামলাটি করেন।
মামলায় আসামি করা হয়েছে কাশিমপুরের কারারক্ষক সুভাষ চন্দ্র ঘোষ ও উপ কারারক্ষক মুশফিকুর রহমানকে। বিচারক তানজীনা ইসমাইল মামলাটি আমলে নিয়ে বাদীর বক্তব্য শুনলেও রাত ৯টা পর্যন্ত পর্যন্ত কোনো আদেশ দেননি।
এর আগে একই অভিযোগে গত ২৫ মার্চ ঢাকায় এজাহার দায়ের করা হলেও বিচারক তা খারিজ করে দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, বাবাকে দেখতে কারাগারে গেলে এর আগেও হুম্মাম ও ফাইয়াজের কাছে উৎকোচ দাবি করেছিলেন কারা কর্মকর্তারা। গত ২৪ মার্চ টাকা না পেয়েই দুই কারা কর্মকর্তা বাদীর ভাইয়ের ওপর চড়াও হন। যখন বাদীও ঘটনাস্থলে ছিলেন।
ওই দিন কারাগারে সালাউদ্দিন কাদেরের সঙ্গে দেখা করতে যান দুই ছেলে। তাদের সঙ্গে মা ফরহাত কাদের চৌধুরী, চাচা সাইফুদ্দিন কাদের চৌধুরী ও জামাল উদ্দিন কাদের চৌধুরীও ছিলেন।
মামলার শুনানিতে অংশ নেন ব্যারিস্টার ফকরুল ইসলাম, গাজীপুর বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিকুর রহমানসহ বেশ কয়েকজন আইনজীবী।
মামলা দায়েরের পর জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হুম্মান কাদের চৌধুরী বলেন, “কারাগারে আমার বাবার জীবন নিয়ে আমরা শঙ্কিত। খাবারের মধ্যে বিষ মিশিয়ে যদি আমার বাবাকে মেরে ফেলা হয় তবে এর দায়-দায়িত্ব কে নেবে?”
এ সময় গাজীপুরের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মামলা দায়েরের বিষয়ে জানতে চাওয়া হলে কারারক্ষক সুভাষ কুমার ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই মামলার বিষয়টি আমার জানা নেই।”
তিনি ২৪ মার্চ সাংবাদিকদের বলেছিলেন, আটক সালাউদ্দিন কাদেরের কাছে অননুমোদিত বই সরবরাহে বাধা দিলে তার ছেলেসহ স্বজনরা কারা কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১৩৮ ঘ.
bdnews24