২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকাপুত্রের মামলা খারিজ

কাশিমপুর কারাগারের দুই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে ঢাকার আদালতে সাকা চৌধুরীর ছেলের করা মামলা খারিজ করে দিয়েছেন বিচারক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2012, 06:50 AM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কাশিমপুর কারাগারের শীর্ষ দুই কর্মকর্তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আটক সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলের মামলা করার চার ঘণ্টার মধ্যে তা খারিজ করে দিয়েছে আদালত। হুম্মাম কাদের চৌধুরী রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তার ভাইকে মারধরের অভিযোগ এনে মামলাটি করেছিলেন। পরে শুনানি শেষে বিকেল ৪টার দিকে মহানগর হাকিম মিজানুর রহমান মামলাটি খারিজ করে দেন বলে জানিয়েছেন ওই আদালতের পেশকার আনোয়ার হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আদালত বলেছে, ঘটনাস্থল কাশিমপুর কারাগার গাজীপুরে হওয়ায় মামলাটিও গাজীপুরেই করতে হবে। আঞ্চলিক আদালতের বাইরে এ ধরনের মামলা চলতে পারে না।” হুম্মামের করা মামলায় কাশিমপুরের কারারক্ষক সুভাষ চন্দ্র ঘোষ ও উপ কারারক্ষক মুশফিকুর রহমানকে আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয়, বাবাকে দেখতে কারাগারে গেলে হুম্মাম ও ফাইয়াজের কাছে উৎকোচ দাবি করেন আসামিরা। শনিবার টাকা না পেয়েই দুই কারা কর্মকর্তা বাদীর ভাইয়ের ওপর চড়াও হন। যখন বাদীও ঘটনাস্থলে ছিলেন। শনিবার কারাগারে সালাউদ্দিন কাদেরের সঙ্গে দেখা করতে যান দুই ছেলেন। তাদের সঙ্গে মা ফরহাত কাদের চৌধুরী, চাচা সাইফুদ্দিন কাদের চৌধুরী ও জামাল উদ্দিন কাদের চৌধুরীও ছিলেন। কারারক্ষক সুভাষ চন্দ্র ঘোষ মনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘অননুমোদিত’ কিছু কাগজপত্র সালাউদ্দিন কাদের চৌধুরীকে দেওয়ার সময় মুশফিকুর রহমান তা জব্দ করেন। তখন বিএনপি নেতার স্বজনরা কারা কর্মকর্তাকে অশালীন ভাষায় গালাগাল দেন এবং যাওয়ার সময় ‘দেখে’ নেওয়ার হুমকি দেন, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/এএল/১৭১৭ ঘ.