ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ অর্থ লেনদেন নিয়ে আইএসআইয়ের সাবেক প্রধান আসাদ দুররানির পাকিস্তান সুপ্রিম কোর্টে দেওয়া সাক্ষ্যের অনুলিপি চেয়েছে বাংলাদেশ- জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা অনুলিপি চেয়েছি, দেখা যাক।”
১৯৯১ সালে বাংলাদেশে নির্বাচনের আগে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে অর্থ দিয়েছিল- স¤প্রতি গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর এ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য চলছে।
অর্থ দেওয়া বিষয়ে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য বাংলাদেশ বিবেচনায় নিচ্ছে কি না জানতে চাইলে দীপু মনি বলেন, “আমরা তাদের বক্তব্য দেখেছি।”
বিএনপিকে আইএসআইয়ের অর্থ দেওয়ার খবর গত ২২ মার্চ নাকচ করে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়। বিএনপিও এ অভিযোগ অস্বীকার করেছে।
এ বিষয়ে দেওয়া বক্তব্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে দলটির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বলেছেন, তা না হলে মামলা করা হবে।
আইএসআইয়ের বিরুদ্ধে দেশে-বিদেশে অবৈধ পন্থায় অর্থ লেনদেনের অভিযোগ করে অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল আসগর খানের একটি আবেদনের প্রেক্ষিতে পাকিস্তানের সুপ্রিম কোর্ট স¤প্রতি বিষয়টি খতিয়ে দেখা শুরু করে।
ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল চলতি মাসের শুরুর দিকে তাদের ভারত সংস্করণে জানায়, দুররানি ১৯৯১ সালে বিএনপিকে অর্থ দেওয়ার কথা শুনানিতে স্বীকার করেছেন।
এর আগে একই ধরনের সংবাদ প্রকাশ করে মধ্যপ্রাচ্যের দৈনিক খালিজ টাইমস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/১৯৪২ ঘ.
bdnews24